হট্টগোল একদমই পছন্দ করেন না হান্সি ফ্লিক। বিতর্ক যতটা পারেন, এড়িয়ে যান। রিয়াল মাদ্রিদের মতো রেফারির সামর্থ্য নিয়ে প্রশ্ন খুব একটা তুলতে দেখা যায় না তাকে। এল ক্লাসিকোর মতো উত্তেজনাপূর্ণ ম্যাচের আগেও রেফারিং বিতর্ক থেকে নিজেকে দূরে রাখলেন বার্সা কোচ।
রোববার বার্সেলোনা ও রিয়ালের মধ্যকার আগুন-বারুদে লড়াই পরিচালনার দায়িত্ব পেয়েছেন হুয়ান মার্তিনেজ মুনুয়েরা। স্প্যানিশ ফুটবলের সবচেয়ে বড় ম্যঅচের জন্য ভিএআর কর্মকর্তা হিসেবে থাকবেন জাভিয়ের ইগলেসিয়াস ভিলানুয়েভা। মুনুয়েরা এনিয়ে পঞ্চমবার এল ক্লাসিকোতে দায়িত্ব পালন করবেন। তার পরিচালনায় আগের চারবারের মধ্যে তিনটি জিতেছে রিয়াল, বার্সার কেবল একটি জয়।
এই লড়াই ছাপিয়ে রেফারি নিয়ে আলোচনা তুঙ্গে থাকলেও বার্সেলোনা কোচ জানালেন, ম্যাচ অফিসিয়ালদের ওপর তার আস্থা আছে। রেফারিদের নিয়ে সৃষ্ট বিতর্ক ক্লাসিকোর ম্যাচ পরিচালনায় প্রভাব পড়বে কি না প্রশ্নে আত্মবিশ্বাসের সঙ্গে ফ্লিক বললেন, ‘কোনো প্রভাব পড়বে না। আমি রেফারিংয়ে আস্থা রাখি এবং আমরা ভালো পর্যায়ের ম্যাচ পরিচালনা দেখতে পাব। আমাদের প্রত্যেকের উচিত নিজ নিজ খেলোয়াড়দের রক্ষা করা।’
রেফারিদের নিয়ে রিয়ালের যেন অভিযোগের শেষ নেই। এনিয়ে তাদের সমালোচনা করার সুযোগ কিন্তু নিলেন না ফ্লিক। তার কথা, নতুন করে কোনো বিতর্ক নিয়ে গণমাধ্যমকে লেখালেখির সুযোগ দিতে চান না তিনি।
ফ্লিক বললেন, ‘আমি আমার দলকে প্রস্তুত করার দিকেই মনোযোগ দিতে পছন্দ করি। এই বিষয়টা সংবাদপত্রের শিরোনামের সঙ্গে যুক্ত। আমি আর কোনো চটকদার শিরোনাম চাই না। আমি শুধু আমার দলের ওপর মনোযোগ দিতে চাই।’
এফএইচএম
