আরেকটি ব্যালন ডি’অর ঘোষণা যত ঘনিয়ে আসছে, ততই মর্যাদাপূর্ণ পুরস্কারের অন্যতম প্রতিদ্বন্দ্বী কিলিয়ান এমবাপে বিতর্কের কেন্দ্রে আসছেন। ব্যালন জয় নিয়ে নিজের অতিআগ্রহ ও অবস্থানের জন্য ফরাসি কিংবদন্তি জিন-পিয়েরি পাপিনের তোপের মুখে পড়েছেন এই রিয়াল মাদ্রিদ তারকা।
১৯৯১ বিশ্বকাপজয়ী এই তারকা এমবাপের প্রতিভা কিংবা রেকর্ডের পরিসংখ্যান অস্বীকার করছেন না। তবে ফরাসি অধিনায়কের আত্মমগ্ন মনোভাব মেনে নিতে পারছেন না তিনি। যদিও পাপিন জোর দিয়ে বলছেন, ব্যালন ডি’অর কোনো খেলোয়াড়ের নিজের সম্পর্কে নিজস্ব ধারণার ভিত্তিতে দেওয়া হয় না, বরং ভোটারদের নির্ধারিত বিভিন্ন মানদণ্ডের ওপর ভিত্তি করেই তা নির্ধারিত হয়।
আরও পড়ুন
ফরাসি পত্রিকা ‘ফুট মার্কাতো’ পাপিন বলেছেন, ‘আমি সত্যিই কিলিয়ানের প্রশংসা করি। তার অনেক রেকর্ড আছে, কিন্তু একটি নির্দিষ্ট বিষয় (ব্যালন ডি’অর প্রসঙ্গ) এলে সে কেবল “আমি, আমি, আমি”-তে পরিণত হয়। যদিও ব্যালন ডি’অর অন্যদের মাধ্যমে নির্ধারিত হয়।’
এমবাপের একটি মন্তব্য সবকিছুকে ছাড়িয়ে গেছে উল্লেখ করে এই ফরাসি কিংবদন্তি বলেন, ‘একপর্যায়ে সে নিজের চেয়ে আর কেউই ব্যালন ডি’অর প্রাপ্য নয় বলে মন্তব্য করেছে। এটি আমার কাছে অতিরিক্ত মনে হয়েছে, একদম বাড়াবাড়ি পর্যায়ের।’
মার্সেইয়ের সাবেক এই তারকা স্ট্রাইকার আলোচনার ইতি টানলেন সেই মানদণ্ডগুলোর প্রসঙ্গে ফিরে। তার মতে, এমবাপের মধ্যে সেই গুণগুলোর অনেকগুলোই বিদ্যমান। তবে বাইরে নিজের যে প্রতিচ্ছবি তুলে ধরেছেন, সেটাই তার জন্য নেতিবাচক হয়ে দাঁড়ায়। পাপিন নিজের পছন্দের কথাও স্পষ্ট করে জানালেন। তিনি চান ইংল্যান্ডের অধিনায়ক হ্যারি কেইনই এবার পুরস্কারটি জিতুক।
এর আগে এমবাপে ‘ফ্রান্স ফুটবল’কে দেওয়া এক সাক্ষাৎকারে এমবাপে বলেছিলেন, ‘আমি বিশ্বাস করি, এ বছর আমি এটি (ব্যালন ডি’অর) জিততে পারি। এটি আমার অন্যতম লক্ষ্য, একইসঙ্গে স্বল্পমেয়াদি লক্ষ্যও। (এ বছর) আমার চেয়ে ভালো কোনো খেলোয়াড় ছিল না। আমরা অর্জনের কথা বলছিলাম। বড় প্রতিযোগিতাগুলোতে এত গোল করা, যেখানে বিশ্বের সব বড় খেলোয়াড় অংশ নেয়, আর অবশ্যই বিশ্বকাপের মতো সবচেয়ে বড় মঞ্চে।’
এএইচএস
