সিটি করপোরেশন নির্বাচনে দলীয় প্রার্থীদের পক্ষে সর্বোচ্চ শক্তি দিয়ে কাজ করতে নেতাকর্মীদের আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। গত জাতীয় নির্বাচনে পাওয়া ভোট রক্ষা করতে না পারার অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে এবার ভুল ও দুর্বলতা কাটিয়ে ওঠার ওপর গুরুত্ব দিয়েছেন তিনি।
শুক্রবার (২৩ অক্টোবর) রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে ঢাকা মহানগরী উত্তর জামায়াতের রুকন সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন শফিকুর রহমান।
স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে নেতাকর্মীদের দিনরাত পরিশ্রম করার আহ্বান জানিয়ে জামায়াত আমির বলেন, জাতীয় নির্বাচনে দলের ভুলত্রুটি ও দুর্বলতার জায়গাগুলো চিহ্নিত করা হয়েছে। ভবিষ্যতে একই ভুলের পুনরাবৃত্তি এড়াতে সেই অভিজ্ঞতা কাজে লাগাতে হবে।
গত জাতীয় নির্বাচনের অভিজ্ঞতা তুলে ধরে তিনি দাবি করেন, জনগণ তাঁদের ভোট দিলেও তা রক্ষা করতে পারেননি। ওই নির্বাচনের ভুল ও দুর্বলতা নিয়ে পর্যালোচনা হয়েছে উল্লেখ করে তিনি বলেন, এবার সেই অভিজ্ঞতা কাজে লাগালে একই ভুল আর হবে না বলে আশা করছেন তিনি।
সিটি করপোরেশন নির্বাচনে দলীয় প্রার্থীদের পক্ষে সর্বোচ্চ প্রচেষ্টা চালানোর তাগিদ দিয়ে শফিকুর রহমান বলেন, জনগণকে সঙ্গে নিয়ে দুর্বৃত্তদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে। দেশ পরিচালনার দায়িত্ব কারা পাবেন, তা জনগণই নির্ধারণ করবে বলেও মন্তব্য করেন তিনি।
সমাজ পরিবর্তনের প্রসঙ্গে জামায়াত আমির বলেন, অন্যায়-অবিচারের বিরুদ্ধে প্রতিবাদ অব্যাহত রাখতে হবে এবং সামর্থ্য অনুযায়ী প্রতিরোধ গড়ে তুলতে হবে। এ সময় সংগঠনের নেতাকর্মীদের ত্যাগ ও পরিশ্রমের মাধ্যমে আরও শক্তিশালী সাংগঠনিক কাঠামো গড়ে তোলার ওপরও গুরুত্ব দেন তিনি।
সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্যে জামায়াতের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেন, রুকনিয়াত কোনো পদ-পদবি নয়, বরং এটি একটি মান। আগামী মেয়র নির্বাচনে কার্যকর ভূমিকা পালনের মাধ্যমে নেতাকর্মীদের ত্যাগ ও নিষ্ঠার পরিচয় দিতে হবে। এতে মেয়র ও কাউন্সিলর নির্বাচনে কাঙ্ক্ষিত সাফল্য অর্জন সম্ভব হবে বলে আশা প্রকাশ করেন তিনি।
ঢাকা মহানগরী উত্তর জামায়াতের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন বলেন, রুকন সংখ্যা বাড়ানোর পাশাপাশি সদস্যদের মান, শৃঙ্খলা ও দক্ষতা বাড়াতে হবে। আস্থাভাজন নেতৃত্ব গড়ে তোলার মাধ্যমে শক্তিশালী সংগঠন প্রতিষ্ঠার প্রত্যয়ও জানান তিনি।
সম্মেলনে ঢাকা মহানগরী উত্তর জামায়াতের উদ্যোগে তৈরি ‘নাগরিক সেবা’ অ্যাপ উদ্বোধন করেন শফিকুর রহমান। আয়োজকদের দাবি, অ্যাপটিতে নাগরিকদের জন্য ৫০টির বেশি সেবামূলক সুবিধা থাকবে।
সম্মেলনটি দুই পর্বে অনুষ্ঠিত হয়। সকাল ৯টা ৪৫ মিনিট থেকে ১১টা পর্যন্ত নির্বাচনী অধিবেশনে প্রায় ১ হাজার ৩০০ রুকন সদস্য ২০২৭-২০২৮ মেয়াদের জন্য ঢাকা মহানগরী উত্তরের আমির নির্বাচনে ভোট দেন। নির্বাচন পরিচালনা করেন জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মোবারক হোসেন। তাঁকে সহযোগিতা করেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য নুরুল ইসলাম বুলবুল ও কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য আ. সবুর ফকির।
এমএম/
