২০২৫ সালের এপ্রিল মাসে মীরাটের এক হত্যাকাণ্ড ঘিরে শোরগোল পড়ে গিয়েছিল। অভিযোগ উঠেছিল প্রেমিকের সঙ্গে মিলে এখ গৃহবধূ তার স্বামীকে খুন করেছে। অবশেষে গত ৭ অক্টোবর তাদের দোষী সাব্যস্ত করেছিল আদালত। শুক্রবার হল সাজা ঘোষণা। দুই দোষীকে ফাঁসির সাজা শুনিয়েছে অতিরিক্ত জেলা আদালত।
গত বছরের ১২ এপ্রিল অমিত কাশ্যপ ওরফে মিকির নিথর দেহ উদ্ধার হয় তাঁর আকবরপুরের বাড়িতে। প্রাথমিক ভাবে মনে করা হয়েছিল এটা সাপের কামড়ের ঘটনা। কেননা অমিতের দেহর সঙ্গে একটি সাপও উদ্ধার করা হয়েছিল। যদিও মৃতদেহের গলায় আঘাতের চিহ্ন এবং শরীরে আঁচড়ের দাগ ঘিরে সন্দেহ ঘনাচ্ছিল। ময়নাতদন্ত হতেই পরিষ্কার হয়ে যায়, সাপের কামড় নয়, শ্বাসরোধ হওয়ার ফলেই মৃত্যু হয়েছে মিকির।
ধীরে ধীরে বিষয়টা স্পষ্ট হয় তদন্তকারীদের সামনে।
দুই অভিযুক্ত রবিতা ও অমরদীপ সম্পর্কে জড়িয়েছে বলেও জানা যায়। আর তারাই মিকিকে পথ থেকে সরাতে হত্যা করে। তারপর ঘটনাটাকে সাপের কামড়ে মৃত্যু বলে চালাতে গিয়ে দেহের সঙ্গে সাপ জড়িয়ে দেয়। সর্প বিশেষজ্ঞরা পরীক্ষা করে জানতেও পারেন, ওই সাপটির বিষদাঁত আগেই ভাঙা। ক্রমশই পরিষ্কার হতে থাকে রবিতা-অমরদীপের কাণ্ড। ৫০০ পাতার চার্জশিটে সবটাই জানানো হয়। কয়েকদিন আগে তাদের দোষী সাব্যস্ত করে আদালত। অবশেষে শুক্রবার জানা গেল রায়।
দিনদুয়েক আগে মীরাটের মার্চেন্ট নেভি অফিসার স্বামী সৌরভ রাজপুতের হত্যার ঘটনায় তাঁর স্ত্রী মুসকান ও তার প্রেমিক সাহিল শুক্লাকে ফাঁসির সাজা শুনিয়েছে জেলা আদালত। ১২৬টি শুনানি ও ২২ জনের সাক্ষ্যদানের পর সপ্তাহদুয়েক আগে মুসকান-সাহিলকে দোষী সাব্যস্ত করেছিল আদালত। অবশেষে বুধবার হয় সাজা ঘোষণা। শুক্রবার ফের ফাঁসির সাজা আরেক খুনের ঘটনায়।
