
কুসিকের নগর পরিচ্ছন্নতা ও জনসচেতনতা বৃদ্ধিতে ইউডিসিজিপির উদ্যোগে ক্লিন-আপ ক্যাম্পেইন
নিজস্ব প্রতিবেদক
কুমিল্লা নগরীকে পরিচ্ছন্ন, স্বাস্থ্যকর ও বাসযোগ্য করে গড়ে তোলার লক্ষ্যে সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট বা কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হচ্ছে। ‘আমাদের শহর, আমরাই পরিষ্কার রাখব’ স্লোগানকে সামনে রেখে আরবান ডেভেলপমেন্ট অ্যান্ড সিটি গভর্ন্যান্স প্রজেক্টের (ইউডিসিজিপি) উদ্যোগে এ পরিচ্ছন্নতা অভিযান ও জনসচেতনতামূলক কার্যক্রমের আয়োজন করা হয়েছে।
বুধবার (১৪ অক্টোবর) আয়োজিত এ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মামুন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউডিসিজিপি, এলজিইডির টিম লিডার রেমন্ড গার্সিয়া গো, কুমিল্লা সিটি করপোরেশনের নির্বাহী প্রকৌশলী মাঈন উদ্দিন চিশতী এবং ইউডিসিজিপির আবাসিক প্রকৌশলী মো. গোলাম রব্বানী।
নগরীর বর্জ্য ব্যবস্থাপনার উন্নয়ন, যত্রতত্র ময়লা-আবর্জনা ফেলা রোধ এবং পরিচ্ছন্নতা বিষয়ে নাগরিকদের সচেতন করে তোলাই এ ধরনের উদ্যোগের অন্যতম লক্ষ্য। একটি পরিচ্ছন্ন ও স্বাস্থ্যসম্মত নগর গড়ে তুলতে সিটি করপোরেশনের পাশাপাশি নগরবাসীর সক্রিয় অংশগ্রহণও গুরুত্বপূর্ণ।
আয়োজকদের প্রত্যাশা, এ পরিচ্ছন্নতা অভিযান নগরবাসীর মধ্যে পরিবেশ রক্ষার সচেতনতা বাড়াবে এবং কুমিল্লা নগরীকে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে সম্মিলিত উদ্যোগকে আরও গতিশীল করবে।
ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা
ট্যাগ: বৃহত্তর কুমিল্লা জাতীয় আন্তর্জাতিক খেলাধুলা রাজনীতি বিনোদন
