পুরান ঢাকার চকবাজারের ছোট কাটারা এলাকায় সাততলা একটি ভবনের ষষ্ঠ তলায় অবস্থিত মার্কেটে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট কাজ করছে। প্রচণ্ড ধোঁয়ার কারণে আগুন নেভাতে বেগ পেতে হচ্ছে ফায়ার সার্ভিসের কর্মীদের।
সোমবার (১২ অক্টোবর) বিকেল ৫টা ৪ মিনিটে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। সংস্থাটির ডিউটি অফিসার রাশেদ বিন খালিদ বিষয়টি নিশ্চিত করেছেন।
ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, চকবাজারের ছোট কাটারা এলাকায় এসি মসজিদের পাশে অবস্থিত মনজুর খান প্লাজায় বিকেল ৫টা ২ মিনিটে আগুনের সূত্রপাত হয়। খবর পাওয়ার পর ফায়ার সার্ভিসের ইউনিটগুলো ঘটনাস্থলের উদ্দেশে রওনা দেয়। স্টেশন থেকে ঘটনাস্থলের দূরত্ব প্রায় দুই কিলোমিটার হলেও যানজট ও সড়কের পরিস্থিতির কারণে বিকেল ৫টা ২২ মিনিটে সেখানে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করেন ফায়ার সার্ভিসের কর্মীরা।
ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রাশেদ বিন খালিদ বলেন, “মার্কেটে আগুন লাগার খবর পেয়ে আমাদের পাঁচটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে কাজ করছে। প্রচণ্ড ধোঁয়ার কারণে ফায়ার ফাইটারদের কাজ করতে বেগ পেতে হচ্ছে।”
তিনি আরও জানান, আগুন লাগার কারণ, ক্ষয়ক্ষতির পরিমাণ এবং হতাহতের বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি। ভবনের ভেতরে কেউ আটকা পড়েছেন কি না, সে বিষয়েও নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।
এ প্রতিবেদন লেখা পর্যন্ত ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণ ও নির্বাপণের কাজ চালিয়ে যাচ্ছিলেন। আগুন লাগার কারণ ও সার্বিক ক্ষয়ক্ষতির বিষয়ে বিস্তারিত তথ্য জানার অপেক্ষায় রয়েছে সংশ্লিষ্টরা।
The post রাজধানীর পুরান ঢাকায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট appeared first on ভোরের চেতনা.
