নিজস্ব প্রতিবেদক:
চট্টগ্রামের বাঁশখালী উপজেলার বন্যাকবলিত অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ আমজনগণ পার্টি (বিএজেপি)। দলের উদ্যোগে বন্যাদুর্গত পরিবারের মাঝে শুকনো খাবার ও প্রয়োজনীয় ওষুধ সামগ্রী বিতরণ করা হয়।
ত্রাণ বিতরণকালে বাংলাদেশ আমজনগণ পার্টির কেন্দ্রীয় সদস্য সচিব ফাতিমা তাসনিম বলেন, ‘চট্টগ্রামের সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত অসহায় মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেছি। পানিবন্দি মানুষের কষ্ট নিজ চোখে দেখে এসেছি। একটি পরিবারের জন্য একটি খাবারের প্যাকেটও তখন বেঁচে থাকার অবলম্বন হয়ে দাঁড়ায়।’
তিনি বলেন, ‘দুর্যোগের সময় শুধু ত্রাণ নয়, মানুষের পাশে দাঁড়ানোই প্রকৃত মানবতা। আমি সবসময় সাধারণ ও দুঃখী মানুষের পাশে থেকেছি এবং ভবিষ্যতেও থাকব। নির্বাচন কিংবা ভোটের রাজনীতিতে আমরা বিশ্বাসী নই। আমাদের রাজনীতি মানুষের সেবা করা।’
তিনি আরও বলেন, ‘শুধু ত্রাণ বিতরণে সমস্যার স্থায়ী সমাধান হবে না। বারবার কেন মানুষ বন্যা, জলাবদ্ধতা ও ক্ষয়ক্ষতির মুখোমুখি হবে? তাই সরকারের কাছে আমাদের আহ্বান, টেকসই উন্নয়ন ও দীর্ঘমেয়াদি পরিকল্পনার মাধ্যমে এ সমস্যার স্থায়ী সমাধান নিশ্চিত করতে হবে। নদী খনন, কার্যকর জলনিকাশী ব্যবস্থা গড়ে তোলা এবং উপকূলীয় বাঁধ আরও শক্তিশালী করার উদ্যোগ নিতে হবে। তাহলে প্রতিবছর মানুষকে এভাবে দুর্ভোগ পোহাতে হবে না।’
তিনি মহান আল্লাহর কাছে দেশের মানুষকে সব ধরনের দুর্যোগ থেকে হেফাজত করার জন্য দোয়া কামনা করেন।
এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ আমজনগণ পার্টির মুখ্য সংগঠক সোহেল রানা সম্পদ, রংপুর বিভাগের সংগঠক শরিফুল ইসলাম গাজী, সিলেট বিভাগের সংগঠক মেসবাহ উদ্দিন, চট্টগ্রাম বিভাগের সংগঠক মোশাররফ হোসেন, চট্টগ্রাম জেলা আহ্বায়ক নুর নাহার বেগম, জেলা সদস্য সচিব আবু জাফর মিলন, বাঁশখালী উপজেলা আহ্বায়ক ভগিরত তালুকদার, উপজেলা সদস্য সচিব আবুল কাসেমসহ কেন্দ্রীয়, জেলা, উপজেলা ও স্থানীয় পর্যায়ের নেতাকর্মীরা।
বক্তারা বলেন, দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো সামাজিক ও মানবিক দায়িত্ব। ভবিষ্যতেও বাংলাদেশ আমজনগণ পার্টি দেশের যেকোনো দুর্যোগে অসহায় মানুষের পাশে থেকে মানবিক কার্যক্রম অব্যাহত রাখবে।
