চাঁদপুরের মতলব উত্তরে থানা-পুলিশের বিশেষ অভিযানে একটি বিদেশি ওয়ান শুটার গানসহ ফরহাদ হোসেন (৩৮) নামের এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে।
বুধবার (২১ অক্টোবর) দুপুরে উপজেলার মোহনপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের চর ওয়েস্টার এলাকায় অভিযান পরিচালনা করে তাঁকে গ্রেপ্তার করা হয়।
চাঁদপুর জেলা পুলিশ সুপার কার্যালয়ের মিডিয়া সেল সূত্রে জানা যায়, পুলিশ সুপার মো. মিজানুর রহমানের সার্বিক দিকনির্দেশনায় এবং মতলব সার্কেলের সহকারী পুলিশ সুপার জাবীর হুসনাইন সানীবের সরাসরি নেতৃত্বে এ অস্ত্র উদ্ধার অভিযান পরিচালিত হয়।
মতলব উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মানস বড়ুয়ার তত্ত্বাবধানে থানার একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে চর ওয়েস্টার এলাকায় বিশেষ অভিযান চালায়।
অভিযানকালে ওই এলাকার ছৈয়াল বাড়ির মৃত আব্দুল কুদ্দুস ছৈয়ালের ছেলে ফরহাদ হোসেনকে গ্রেপ্তার করা হয়। পরবর্তীতে তাঁর হেফাজতে থাকা একটি ওয়ান শুটার গান উদ্ধার করে জব্দ করা হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে মতলব উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মানস বড়ুয়া জানান, গ্রেপ্তারকৃত ব্যক্তির বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে। উদ্ধারকৃত আগ্নেয়াস্ত্রটির উৎস ও সম্ভাব্য ব্যবহার সম্পর্কে বিস্তারিত খতিয়ে দেখছে পুলিশ।
জেএইচআর
