নোয়াখালীর সদর উপজেলায় ঘুমন্ত অবস্থায় সাবেক ভগ্নিপতি কামাল উদ্দিনকে (৪৫) ছুরিকাঘাতে হত্যার ঘটনায় মামলার প্রধান আসামি শ্যালক মো. আকাশ উদ্দিনকে (২২) গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)।
মঙ্গলবার দুপুরে এসআরবি-১১, সিপিসি-৩ নোয়াখালীর কোম্পানি কমান্ডার সিনিয়র সহকারী পুলিশ সুপার মিঠুন কুমার কুণ্ডু স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে। এর আগে গতকাল সোমবার দিবাগত রাতে ঢাকার উত্তরায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
বিজ্ঞাপন
গ্রেপ্তার আকাশ উদ্দিন নোয়াখালী সদর উপজেলার নোয়ান্নই ইউনিয়নের পূর্ব দুর্গানগর এলাকার আমির হোসেনের ছেলে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, নিহত কামাল উদ্দিনের বাড়ি জেলার সুবর্ণচর উপজেলার চররমিজ এলাকার গুচ্ছগ্রাম দক্ষিণ দিঘিতে। প্রায় চার-পাঁচ বছর আগে তার সঙ্গে স্ত্রী তানিয়া আক্তারের বিবাহবিচ্ছেদ হয়। থাকার জায়গা না থাকায় কামাল সদর উপজেলার পূর্ব দুর্গানগর এলাকার মোহাম্মদীয়া নুরানী মাদ্রাসায় রাত কাটাতেন এবং দিনে শ্রমিকের কাজ করতেন।
গত রোববার রাত সাড়ে ১০টার দিকে কামাল উদ্দিন ওই মাদ্রাসায় ঘুমিয়ে ছিলেন। এ সময় পারিবারিক বিরোধের জেরে আকাশ উদ্দিনসহ কয়েকজন এসে তাকে লাঠি দিয়ে পিটিয়ে আহত করেন। একপর্যায়ে আকাশ উদ্দিন ছুরি দিয়ে কামালের শরীরের বিভিন্ন স্থানে আঘাত করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
এ ঘটনায় নিহতের ভাই আব্দুল হক (৪৮) বাদী হয়ে গত ১২ অক্টোবর সুধারাম থানায় একটি হত্যা মামলা করেন। মামলার পর গোয়েন্দা নজরদারি বাড়িয়ে গতকাল রাত ১২টা ২৫ মিনিটের দিকে ঢাকার উত্তরা পূর্ব থানার আজমপুর কাঁচাবাজার এলাকা থেকে আকাশকে গ্রেপ্তার করা হয়। এসআরবি-১১ ও এসআরবি-১০-এর যৌথ দল এ অভিযান পরিচালনা করে।
এসআরবি জানায়, গ্রেপ্তার আসামিকে আইনি ব্যবস্থা গ্রহণের জন্য সুধারাম মডেল থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
