খুলনা গেজেট অক্টোবর ১৩, ২০২৬ ৫:০৩ অপরাহ্ণ
শুটিং করতে গিয়ে আহত হয়েছেন অভিনেত্রী প্রিয়ন্তী উর্বী। সোমবার (১২ অক্টোবর) মহাখালী ক্যানসার ইনস্টিটিউটে শুটিংয়ের সময়ে ঘটনা ঘটে। বিষয়টি জানিয়েছেন অভিনেত্রী নিজেই।
মঙ্গলবার (১৩ অক্টোবর) এক বার্তায় উর্বী বলেন, ‘গতকাল শুটিংয়ে আমার একটা অ্যাক্সিডেন্ট হয়েছে। সত্যি বলতে, অভিজ্ঞতাটা ছিল ভয়ংকর!’
ঘটনার বর্ণনা দিয়ে উর্বী লিখেছেন, ‘আমি একটা মিউট শট দিচ্ছিলাম, যেখানে হাসপাতালের বেডে শুয়ে ছিলাম আর সবাই মিলে বেডটা টেনে আমাকে একটা রুমে নিয়ে যাচ্ছিল। ক্লোজ শটের জন্য আমাদের ডিওপি বেডের ওপর উঠে আমার মুখের সামনে ক্যামেরা সেট করছিলেন। শটের মাঝখানে বেডটা ঝাঁকি খাওয়ায় আমাদের ডিওপি ব্যালেন্স হারিয়ে ফেলেন, আর ক্যামেরাসহ সরাসরি আমার মুখের ওপর পড়ে যান। এক মুহূর্তের জন্য আমি কিছু দেখতে পাচ্ছিলাম না, কথা বলতে পারছিলাম না। ব্যথাটা ছিল অসহ্য!’ তাৎক্ষণিক হাসপাতালে যান তারা। এক্স-রে করানো হয় তার। চিকিৎসকের পরামর্শে এখন ওষুধ চলছে তার।
এ ঘটনায় কাউকেই দোষী বলছেন না উর্বী। তার ভাষ্য, ‘একটা কথা পরিষ্কার করে বলতে চাই, এখানে কারও কোনো দোষ নেই। এটা একটা দুর্ঘটনা ছিল। সবাই নিজের কাজটা ঠিকভাবেই করছিলেন। কিন্তু দুর্ঘটনাটা আমার সঙ্গে ঘটেছে, আর আমি যে ব্যথার মধ্য দিয়ে গিয়েছি, সেটা একদম বাস্তব।’ তিনি নাকে প্রচণ্ড ব্যথা পেয়েছেন। নাক ফুলেও গেছে। তবে এর চেয়েও বড় কিছু ঘটেনি ভেবে সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
তবে এই দুর্ঘটনায় কাজ থেকে বিরতি নেননি উর্বী। আজও শুটিং করছেন তিনি। পূর্ণাঙ্গ সুস্থতার জন্য সবার কাছে দোয়া চেয়েছেন এই অভিনেত্রী।
খুলনা গেজেট/উউরা
