২০২১ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে প্রথম রাউন্ডের ম্যাচে মাত্র ১৪০ রান করেছিল স্কটল্যান্ড। সহজ জয়ের অপেক্ষায় ছিল বাংলাদেশ। কিন্তু ব্র্যাড হুইলের দুর্দান্ত বোলিংয়ে তাদের হতাশ করে স্কটিশরা ঐতিহাসিক জয় পায়। ২৪ রান খরচায় তিন উইকেট নিয়ে ওই ম্যাচে বল হাতে জয়ের অন্যতম নায়ক আজ পেশাদার ক্রিকেট থেকে অবসর নিলেন মাত্র ৩০ বছর বয়সে।
বারবার ইনজুরিতে পড়ার কারণে শরীর ফাস্ট বোলিংয়ের ধকল সামলাতে পারছে না বলে মাঠ থেকে বিদায় নিলেন হুইল। ডানহাতি পেসারের পিঠে চারবার স্ট্রেস ফ্র্যাকচার ধরা পড়েছিল এবং সম্প্রতি হাঁটুর অস্ত্রোপচারও করাতে হয়েছে। অবসরের ঘোষণা দিয়ে এক দশকের লম্বা আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টেনে দিলেন তিনি। ওয়ানডে ও টি-টোয়েন্টি মিলিয়ে ৪৪ ম্যাচে স্কটল্যান্ডের জার্সিতে ৫১ উইকেট নিয়েছেন হুইল।
২০১৬ সালে হংকংয়ের বিপক্ষে আন্তর্জাতিক অভিষেক। চারটি টি-টোয়েন্টি বিশ্বকাপেও খেলেছেন তিনি। বৈশ্বিক ইভেন্টে ২০০২ এ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষেও তার দারুণ অবদানে জয় পেয়েছিল স্কটল্যান্ড।
হুইল বললেন, ‘পেশাদার ক্রিকেটার হিসেবে হ্যাম্পশায়ারে কাটানো সময় এবং স্কটল্যান্ডের প্রতিনিধিত্ব করাটা আমি খুব উপভোগ করেছি। কিন্তু দুর্ভাগ্যবশত, বারবার চোটের কারণে আমি ক্রিকেট খেলা থেকে অবসর নেওয়ার সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছি।’
শুক্রবার ক্রিকেট স্কটল্যান্ড তার উদ্ধৃতি দিয়ে বলেছে, ‘এটা কোনো সহজ সিদ্ধান্ত ছিল না, কিন্তু আমি এর সাথে শান্তিতে আছি। আমার পিঠে চারবার স্ট্রেস ফ্র্যাকচার হয়েছে এবং সম্প্রতি হাঁটুতে অস্ত্রোপচার হয়েছে, আর শেষ পর্যন্ত আমার শরীর আর ফাস্ট বোলিংয়ের ধকল সামলাতে পারছে না।’
