আন্তর্জাতিক ডেস্ক: চলতি সপ্তাহান্তেই (উইকেন্ড) যুক্তরাষ্ট্র ইরানে সামরিক হামলা চালাতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন মার্কিন এক জ্যেষ্ঠ কূটনীতিক। ওয়াশিংটন ও ইসরায়েলের অব্যাহত হুমকির মুখে এমন মন্তব্য সামনে এলো।
পডকাস্ট উপস্থাপক মারিও নওফালের সাথে আলাপকালে তুরস্কে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ও সিরিয়াবিষয়ক বিশেষ প্রতিনিধি টম ব্যারাককে প্রশ্ন করা হয়— চলতি সপ্তাহান্তে কি হামলা হতে পারে? জবাবে তিনি সরাসরি বলেন, "অবশ্যই হতে পারে।" (পরবর্তীতে সাক্ষাৎকারটির একটি অংশ ইসরায়েলি আর্মি রেডিওতেও সম্প্রচার করা হয়)। উল্লেখ্য, ইরান সম্পর্কিত নীতিতে ব্যারাকের সরাসরি কোনো দায়িত্ব নেই।
ব্যারাক বলেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অত্যন্ত স্পষ্ট বার্তা দিয়েছেন—তিনি সমঝোতায় পৌঁছাতে চান এবং আলোচনার জন্য প্রস্তুত আছেন। কিন্তু মাসের পর মাস টেবিলে আলোচনা চললেও কাঙ্ক্ষিত সমাধান হয়নি।
এদিকে আগামী মঙ্গলবার নির্বাচনে মুখোমুখি হতে যাওয়া ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সাম্প্রতিক সময়ে ইরানের শাসনব্যবস্থা উৎখাতের তীব্র হুঁশিয়ারি দিয়ে আসছেন। গত বছর থেকে ইরানে দুটি বড় ধরনের বোমাবর্ষণ অভিযানের পর তিনি এই অবস্থানে অনড় রয়েছেন।
দীর্ঘদিন ধরে চলা কূটনৈতিক অচলাবস্থার কারণে ট্রাম্প আবারও ইরানে নতুন করে আক্রমণের সম্ভাবনা উসকে দিয়েছেন। যদিও এর আগে তিনি ইঙ্গিত দিয়েছিলেন, আগামী ৩ নভেম্বর মার্কিন কংগ্রেসের (মিডটার্ম) নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত হয়তো কোনো হামলা চালানো হবে না।
এটিভি/ আর এম
