পরিবেশবান্ধব নির্মাণ খাতের উন্নয়নে বাংলাদেশকে ২০ মিলিয়ন ইউরো (প্রায় ২৭৭ কোটি ৩৮ লাখ টাকা) অনুদান দেবে জার্মানি ও ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। আজ রোববার অর্থ মন্ত্রণালয়ের অর্থনৈতিক সম্পর্ক বিভাগের উপসচিব মো. মাকসুদ আলম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, বাংলাদেশ ও জার্মানির সরকারের মধ্যে ‘ইকো-বিল্ড: স্কেলিং আপ গ্রিন কনস্ট্রাকশন’ প্রকল্প বাস্তবায়নে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে। বাংলাদেশের পক্ষে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) সচিব মো. শাহরিয়ার কাদের ছিদ্দিকী এবং জার্মানির পক্ষে জিআইজেডের ঢাকা কার্যালয়ের কান্ট্রি ডিরেক্টর মার্ক গমবার্ট এতে স্বাক্ষর করেন।
সমঝোতা স্মারকের আওতায়, প্রকল্পটির জন্য প্রতিশ্রুত মোট ২০ মিলিয়ন ইউরো আর্থিক সহায়তার মধ্যে জার্মান সরকার ও ইউরোপীয় ইউনিয়ন প্রত্যেকে ১০ মিলিয়ন ইউরো করে অনুদান দেবে। গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় এবং পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় যৌথভাবে প্রকল্পটি বাস্তবায়ন করবে।
প্রকল্পটির প্রধান উদ্দেশ্য হলো দেশের জাতীয় ও স্থানীয় সরকার প্রতিষ্ঠান এবং বেসরকারি খাতের নির্মাণ খাতকে পরিবেশগত ও জলবায়ুবান্ধব করে তোলা। এ লক্ষ্যে সংশ্লিষ্ট নীতিমালা প্রণয়ন ও বাস্তবায়ন, সরকারি ও বেসরকারি অংশীজনের অংশগ্রহণ নিশ্চিত করা এবং পরিবেশবান্ধব নির্মাণসামগ্রীর গুণগত মান নিয়ন্ত্রণ ও নিশ্চিতকরণ কার্যক্রম বাস্তবায়ন করা হবে।
জার্মানি ১৯৭২ সাল থেকে বাংলাদেশের উন্নয়ন সহযোগী হিসেবে কাজ করছে। এ পর্যন্ত দেশটির প্রতিশ্রুত আর্থিক ও কারিগরি সহায়তার মোট পরিমাণ প্রায় ৪ বিলিয়ন ইউরো। বর্তমানে বাংলাদেশে জিআইজেডের ১২১ দশমিক ৬২ মিলিয়ন ইউরো অনুদান সহায়তায় ২১টি প্রকল্প বাস্তবায়নাধীন রয়েছে।
