ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সব কর্মকর্তা-কর্মচারীকে সততা, নিষ্ঠা ও আনুগত্যের সঙ্গে শৃঙ্খলা বজায় রেখে দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন অধিদপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল সুলতানুল আফরীন জুনাইদ।
রোববার (২৫ অক্টোবর) সকাল সাড়ে ৯টায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের সদর দপ্তরে আয়োজিত ‘মহাপরিচালকের দরবার’ অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান।
অনুষ্ঠানে মহাপরিচালককে সশ্রদ্ধ অভিবাদন জানিয়ে দরবারের কার্যক্রম শুরু করেন পরিচালক (প্রশিক্ষণ, পরিকল্পনা ও উন্নয়ন) লেফটেন্যান্ট কর্নেল এম এ আজাদ আনোয়ার, পিএসসি। ধর্মগ্রন্থ থেকে পাঠ করেন ধর্মীয় শিক্ষক মুহাদ্দিস কাজী শরীফ উল্লাহ।
বক্তব্যের শুরুতে মহাপরিচালক ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সকে একটি স্বনামধন্য প্রতিষ্ঠানে পরিণত করতে অবদান রাখা সাবেক মহাপরিচালক ও কর্মকর্তাদের পাশাপাশি অপারেশনাল কার্যক্রমে আত্মদানকারীদের শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। সেবাধর্মী এই প্রতিষ্ঠানের মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালনের সুযোগ পেয়ে মহান আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।
নিজের কর্মজীবনে অর্জিত জ্ঞান, অভিজ্ঞতা ও প্রশিক্ষণ ফায়ার সার্ভিসের উন্নয়নে কাজে লাগানোর আশাবাদ ব্যক্ত করে মহাপরিচালক অপারেশনাল কার্যক্রমের উন্নয়ন ও প্রতিষ্ঠানের সার্বিক মানোন্নয়নে তাঁর পরিকল্পনার কথা তুলে ধরেন।
তিনি বলেন, “বাহিনীকে সুশৃঙ্খল রাখতে চেইন অব কমান্ড মেনে চলতে হবে। প্রতিটি সদস্যের তার ওপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন করতে হবে।”
এ সময় অপারেশনাল কার্যক্রমে ফায়ারফাইটারদের আন্তরিকতার প্রশংসা করেন মহাপরিচালক। একই সঙ্গে পেশাদারত্ব বজায় রেখে দায়িত্ব পালনের ধারাবাহিকতা অব্যাহত রাখার আহ্বান জানান তিনি।
দরবারে সরাসরি উপস্থিত ও অনলাইনে যুক্ত কর্মকর্তা-কর্মচারীদের বিভিন্ন মতামত ধৈর্যসহকারে শোনেন মহাপরিচালক। তাঁদের বিভিন্ন প্রশ্নের জবাব দেওয়ার পাশাপাশি যৌক্তিক আবেদনগুলো অগ্রাধিকার ভিত্তিতে নিষ্পত্তির আশাবাদ ব্যক্ত করেন তিনি।
অনুষ্ঠানে অধিদপ্তরের পরিচালক, প্রকল্প পরিচালক, ওয়েলফেয়ার ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালকসহ ঢাকায় কর্মরত বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীরা সরাসরি উপস্থিত ছিলেন। এ ছাড়া বিভিন্ন বিভাগের বিভাগীয় উপপরিচালক ও জেলা কর্মকর্তারা নিজ নিজ কর্মস্থল থেকে অনলাইনে যুক্ত হন।
রোববার বেলা ১২টায় ‘মহাপরিচালকের দরবার’ অনুষ্ঠানের সমাপ্তি হয়।
