২০২৭ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষায় অংশ নেবে তিনটি ভিন্ন বর্ষের সিলেবাসে পড়াশোনা করা পরীক্ষার্থীরা। এ পরীক্ষার অনলাইন ফরম পূরণ ও ফি জমা দেওয়ার সময়সূচি প্রকাশ করেছে ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড। নির্ধারিত সূচি অনুযায়ী, বিলম্ব ফি ছাড়া আগামী ১৬ নভেম্বর থেকে ফরম পূরণ শুরু হবে।
শনিবার (১৭ অক্টোবর) বোর্ডের উপপরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক মো. জাকির হোসেন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে ফরম পূরণসংক্রান্ত বিভিন্ন নির্দেশনা জানানো হয়। বিজ্ঞপ্তি অনুযায়ী, নিয়মিত পরীক্ষার্থীরা ২০২৭ সালের এসএসসি পরীক্ষার সিলেবাস অনুযায়ী প্রণীত প্রশ্নপত্রে পরীক্ষা দেবে। অন্যদিকে, অনিয়মিত ও মানোন্নয়ন পরীক্ষার্থীরা ২০২৫ ও ২০২৬ সালের এসএসসি পরীক্ষার সিলেবাস অনুযায়ী প্রণীত প্রশ্নপত্রে অংশ নেবে।
ঘোষিত সময়সূচি অনুযায়ী, আগামী ১৫ নভেম্বর বোর্ডের ওয়েবসাইটে শিক্ষার্থীদের তথ্যসংবলিত সম্ভাব্য তালিকা প্রকাশ করা হবে। এরপর ১৬ থেকে ২৩ নভেম্বর পর্যন্ত বিলম্ব ফি ছাড়া অনলাইনে ফরম পূরণ করা যাবে। এ ক্ষেত্রে ব্যাংকে ফি জমা দেওয়ার শেষ দিন ২৪ নভেম্বর।
অন্যদিকে, ১০০ টাকা বিলম্ব ফি দিয়ে ২৪ থেকে ২৯ নভেম্বর পর্যন্ত ফরম পূরণ করা যাবে। বিলম্ব ফিসহ ফি জমা দেওয়ার শেষ সময় ৩০ নভেম্বর।
পরীক্ষার ফি কত?
বোর্ডের নির্ধারিত ফি অনুযায়ী, বিজ্ঞান বিভাগের নিয়মিত পরীক্ষার্থীদের মোট ফি ২ হাজার ৪৩৫ টাকা। মানবিক ও ব্যবসায় শিক্ষা বিভাগের শিক্ষার্থীদের দিতে হবে ২ হাজার ৩১৫ টাকা।
বিজ্ঞান বিভাগের পরীক্ষার্থীদের বোর্ড ফি ১ হাজার ৯২০ টাকা এবং কেন্দ্র ফি ব্যবহারিকসহ ৫১৫ টাকা নির্ধারণ করা হয়েছে। মানবিক ও ব্যবসায় শিক্ষা বিভাগের জন্য বোর্ড ফি ১ হাজার ৮৩০ টাকা এবং কেন্দ্র ফি ৪৮৫ টাকা।
এ ছাড়া শিক্ষার্থীদের বেতন ও সেশন ফি ২০২৬ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত পরিশোধ করতে হবে। তবে কোনো শিক্ষার্থীর কাছ থেকে ২৪ মাসের বেশি বেতন ও সেশন ফি নেওয়া যাবে না।
ফরম পূরণে আরও যেসব নির্দেশনা
শিক্ষা বোর্ড জানিয়েছে, নির্ধারিত ফি ছাড়া শিক্ষার্থীদের কাছ থেকে অতিরিক্ত কোনো অর্থ আদায় করা যাবে না। অতিরিক্ত ফি আদায়ের প্রমাণ পাওয়া গেলে সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানের বিরুদ্ধে বিধি অনুযায়ী আইনি ব্যবস্থা নেওয়া হবে।
এ ছাড়া শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে নির্বাচনি বা টেস্ট পরীক্ষা গ্রহণ শেষে আগামী ১৫ নভেম্বরের মধ্যে ফল প্রকাশের নির্দেশ দেওয়া হয়েছে। নিয়মিত পরীক্ষার্থীদের পাশাপাশি জিপিএ উন্নয়ন, মানোন্নয়ন ও অকৃতকার্য শিক্ষার্থীদের ফরম পূরণের নীতিমালাও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
