জাতীয় সংসদের হুইপ ও নাটোর ২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, বিএনপি যে প্রতিশ্রুতি দেয় তা পালন করে। শহীদ জিয়া নারীদের ঘর থেকে বের করেছিলেন। তার আগে মেয়েরা ঘরে বন্দি ছিল। পরে লাখ লাখ মেয়েদের গার্মেন্টসে চাকুরির ব্যবস্থা করেছিল। আর বেগম জিয়া মেয়েদের এসএসসি ও এইচএসসি পর্যন্ত ফ্রি পড়াশুনার ব্যবস্থা করেছিলেন। বর্তমানে তারেক জিয়া বাজেটে সবচেয়ে বেশী অর্থ বরাদ্দ রেখেছে শিক্ষা ব্যবস্থায়।
আজ শনিবার দুপুর ১২টার দিকে নাটোরের নলডাঙ্গা উপজেলার মাধনগর ইউনিয়নের মাধনগর বালিকা উচ্চ বিদ্যালয়ের অ্যাকাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপনকালে তিনি এসব কথা বলেন।
তিনি আরো বলেন, বেগম খালেদা জিয়া মেয়েদের শিক্ষিত করেছিল জন্য আজ ডিসি, এসপি, ইউএনও, জজ, ব্যারিস্টারসহ সকল ক্ষেত্রে মেয়েদের অগ্রাধিকার দিয়েছে। এসবের সব কৃতিত্ব শহীদ জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার।
১ কোটি ২৫ লাখ টাকা ব্যয়ে ২য় ও ৩য় তলার মাধনগর বালিকা উচ্চ বিদ্যালয়ের অ্যাকাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির আহ্বায়ক রহিম নেওয়াজ, যুগ্মআহবায়ক মোস্তাফিজুর রহমান শাহীন, বিসিবির কাউন্সিলর ফরহাদ আলী দেওয়ান শাহীন, নলডাঙ্গা উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক শরিফুল ইসলাম বুলবুল, মাধনগর বালিকা উচ্চ বিদ্যালয়ের সভাপতি ফেরদৌসী বেগম, প্রধান শিক্ষক আফসার আলী সহ শিক্ষার্থীরা।
