শিশুদের বেড়ে ওঠার জন্য স্বাস্থ্যকর পরিবেশ নিশ্চিত করতে পুরো ঢাকাকে পরিচ্ছন্ন রাখার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের নগর ভবনে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময়ে এ কথা বলেন তিনি।
প্রধানমন্ত্রী জানান, পরিচ্ছন্নতার সমস্যা অল্প সময়ে পুরোপুরি সমাধান করা সম্ভব নয়। তবে আন্তরিকতা ও ধারাবাহিক প্রচেষ্টায় পরিবর্তন আনা যায়। শুধু নিজের বাসার আশপাশ নয়, স্কুল ও খেলার মাঠসহ শহরের সব জায়গার পরিবেশ বিবেচনায় নেওয়ার কথা বলেন তিনি।
কর্মকর্তাদের সমস্যা চিহ্নিত করে সমাধানে উদ্যোগী হওয়ার আহ্বান জানান প্রধানমন্ত্রী। নগর ভবনের জরুরি পরিচালন কেন্দ্রও পরিদর্শন করেন তিনি। সেখানে আবহাওয়া, দুর্যোগের পূর্বাভাস ও পরিবেশসংক্রান্ত তথ্য পর্যবেক্ষণের ব্যবস্থা সম্পর্কে খোঁজ নেন।
