বগুড়ার ধুনট পৌরসভায় ড্রেন নির্মাণকাজের কারণে রত্না খাতুন নামে এক বিধবা নারীর বসতবাড়ির দেয়ালে ফাটল দেখা দিয়েছে। ফাটলের কারণে ঘরের একটি অংশ ধসে পড়েছে বলে অভিযোগ উঠেছে। এতে পরিবারটি আর্থিক ক্ষতির পাশাপাশি নিরাপত্তাহীনতায় ভুগছে।
অভিযোগ সূত্রে জানা গেছে, ধুনট পৌর শহরের জিরো পয়েন্ট থেকে বাইপাস মোড় পর্যন্ত একটি ড্রেন নির্মাণের কাজ চলছে। এ সময় রত্না খাতুনের বসতঘরের দেয়াল ঘেঁষে ড্রেন নির্মাণ করতে গেলে ঘরের দেয়াল ও আসবাবপত্রের ক্ষতি হয়। এ ঘটনায় ঘরের দেয়াল, আসবাবপত্র ও ফ্রিজসহ প্রায় ৩ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে অভিযোগে উল্লেখ করেছেন তিনি।
এ ঘটনায় প্রতিকার চেয়ে রত্না খাতুন ধুনট থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, বিষয়টি নিয়ে গ্রামের মুরব্বিদের উপস্থিতিতে একটি সালিসি বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে ঠিকাদারসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা ক্ষতিগ্রস্ত পরিবারটিকে ক্ষতিপূরণ দেওয়ার আশ্বাস দেন। তবে অভিযোগ অনুযায়ী, এখনো সেই আশ্বাস বাস্তবায়িত হয়নি। এতে ক্ষতিগ্রস্ত পরিবারটি হতাশার মধ্যে রয়েছে।
পরিবারটির অভিযোগ, বসতঘরের ক্ষতির পাশাপাশি বাড়ির আসবাবপত্র ও অন্যান্য মালামাল নিয়েও তারা উদ্বেগের মধ্যে রয়েছে। এ পরিস্থিতিতে দ্রুত ক্ষতিপূরণ ও নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন তাঁরা।
সালিসি বৈঠকে উপস্থিত ছিলেন আরিফ খান, আব্দুল করিম, ফজলুল হকসহ গ্রামের গণ্যমান্য ব্যক্তিরা। বৈঠকে কোনো সমাধান না হওয়ায় মুরব্বিরা রত্না খাতুনকে আইনের আশ্রয় নেওয়ার পরামর্শ দেন। পরে তাঁদের পরামর্শে তিনি থানায় অভিযোগ দায়ের করেন।
এ বিষয়ে ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুল ইসলাম বলেন, বিষয়টি এখনো তাঁর কাছে আসেনি। অভিযোগটি পেলে সঠিক তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
ক্ষতিগ্রস্ত পরিবারটি দ্রুত ঘটনার সুষ্ঠু তদন্ত, ক্ষয়ক্ষতির প্রতিকার এবং নিরাপদে বসবাসের পরিবেশ নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছে।
The post বগুড়া ধুনটে ড্রেন নির্মান করতে গিয়ে বসত বাড়ির দেয়ালে ধস,হুমকির মুখে পরিবারটি appeared first on ভোরের চেতনা.
