জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) আবাসিক প্রতিনিধি স্টিফেন রড্রিকস। বৈঠকে রোহিঙ্গা প্রত্যাবাসন, উন্নয়ন সহযোগিতা অব্যাহত রাখা, গণতন্ত্র সুসংহতকরণ এবং সংসদীয় কার্যক্রমের উন্নয়ন নিয়ে আলোচনা হয়েছে।
বুধবার (১৪ অক্টোবর) জাতীয় সংসদে স্পিকারের কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়। সাক্ষাতে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বলেন, ইউএনডিপি দীর্ঘদিন ধরে বাংলাদেশে কার্যক্রম পরিচালনা করছে এবং দেশের অন্যতম গুরুত্বপূর্ণ উন্নয়ন সহযোগী হিসেবে অবদান রাখছে। সংস্থাটির বিভিন্ন প্রকল্প জাতীয় সংসদকে সম্পৃক্ত করে সংসদীয় গণতন্ত্রের অগ্রযাত্রায় ভূমিকা রাখছে বলেও উল্লেখ করেন তিনি।
মিয়ানমার থেকে বাস্তুচ্যুত রোহিঙ্গাদের প্রসঙ্গে স্পিকার বলেন, রোহিঙ্গাদের দীর্ঘদিন বাংলাদেশে অবস্থানের কারণে দেশের অর্থনীতি ও স্থানীয় জনগোষ্ঠীর ওপর ব্যাপক চাপ তৈরি হয়েছে। প্রায় ১৫ লাখ রোহিঙ্গার প্রত্যাবাসন নিয়ে বাংলাদেশ কঠিন পরিস্থিতির মুখোমুখি হচ্ছে। এ সংকট মোকাবিলা এবং দ্রুত প্রত্যাবাসন নিশ্চিত করতে ইউএনডিপির কার্যকর সহযোগিতা কামনা করেন তিনি।
বৈঠকে দেশের বিগত শাসনব্যবস্থা ও বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়েও কথা বলেন স্পিকার। তিনি অভিযোগ করেন, বিগত সরকারের ১৫ বছরের শাসনামলে বিচারবহির্ভূত হত্যাকাণ্ড, অর্থ পাচার, গুম ও খুনের মাধ্যমে জনগণের মৌলিক অধিকার ক্ষুণ্ন হয়েছে। জাতিসংঘের মানবাধিকারবিষয়ক তদন্ত প্রতিবেদনে ওই সময়ের পরিস্থিতির চিত্র উঠে এসেছে বলেও উল্লেখ করেন তিনি। স্পিকার আরও বলেন, সর্বশেষ জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠিত হয়েছে।
ইউএনডিপির আবাসিক প্রতিনিধি স্টিফেন রড্রিকস বলেন, সময়ের সঙ্গে বাংলাদেশের সঙ্গে সংস্থাটির সম্পর্ক আরও সুদৃঢ় হয়েছে। বৈশ্বিক ও আঞ্চলিক সহযোগিতার ক্ষেত্রেও ইউএনডিপি সমন্বিতভাবে কাজ করছে।
তিনি জানান, বর্তমান সংসদের কার্যক্রমে সহযোগিতা করতে ইউএনডিপি প্রস্তুত রয়েছে। বিশেষ করে প্রথমবার নির্বাচিত সংসদ সদস্যদের জন্য ওরিয়েন্টেশন কোর্স ও প্রশিক্ষণ আয়োজন, সংসদ সদস্যদের কার্যকর ভূমিকার মাধ্যমে লিঙ্গসমতা নীতি বাস্তবায়ন এবং আধুনিক ই-পার্লামেন্ট ব্যবস্থা চালুর ক্ষেত্রে সংস্থাটি আগ্রহী। বৈঠকে বৈশ্বিক ও আঞ্চলিক মানবাধিকার পরিস্থিতি, নারী সংসদ সদস্যদের উন্নয়ন কর্মসূচি এবং জ্বালানি নিরাপত্তা নিয়েও আলোচনা হয়।
স্পিকার বলেন, বর্তমান সংসদে বিরোধী দল সক্রিয়ভাবে অংশ নিচ্ছে এবং বিভিন্ন বিলের আলোচনায় নিজেদের মতামত তুলে ধরছে। নারী সংসদ সদস্যদের ভূমিকার প্রশংসা করে তিনি বলেন, তাঁরা নিজ নিজ ক্ষেত্রে দক্ষতা ও যোগ্যতার পরিচয় দিচ্ছেন এবং সংসদীয় কার্যক্রমে গুরুত্বপূর্ণ অবদান রাখছেন।
এ সময় স্পিকার আরও জানান, ইন্টার-পার্লামেন্টারি ইউনিয়নের (আইপিইউ) ১৫৩তম অধিবেশনে আগামী চার বছরের জন্য সংস্থাটির নির্বাহী পরিষদের সদস্য নির্বাচিত হয়েছেন বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি ব্যারিস্টার জহরত আদিব চৌধুরী। সৌজন্য সাক্ষাতে বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের সচিব ব্যারিস্টার মো. গোলাম সরওয়ার ভুঁইয়াসহ ইউএনডিপির ঊর্ধ্বতন কর্মকর্তা এবং সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
The post স্পিকারের সঙ্গে ইউএনডিপির আবাসিক প্রতিনিধির সাক্ষাৎ appeared first on ভোরের চেতনা.
