রেজওয়ান শাহরিয়ার সুমিতের ‘মাস্টার’ সিনেমার জয়রথ যেন থামছেই না। একের পর এক আন্তর্জাতিক উৎসবে পুরস্কার জিতে নিচ্ছে এটি। কদিন আগেই ইতালির ২২তম লুক্কা ফিল্ম ফেস্টিভ্যালে সেরা সিনেমার পুরস্কার পেয়েছে ‘মাস্টার’।
এবার পুরস্কার জিতল ইউরোপের আরেক দেশ সার্বিয়ায়। দেশটির সবচেয়ে মর্যাদাপূর্ণ উৎসব ‘বেলগ্রেড আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব’-এ সেরা চিত্রনাট্যের পুরস্কার জিতেছে ‘মাস্টার’। সোমবার (১২ অক্টোবর) খবরটি জানিয়েছেন নির্মাতা সুমিত।
আরও পড়ুন
এক বার্তায় তিনি বলেন, “বিশ্বমঞ্চে আবারও পুরস্কৃত হলো ‘মাস্টার’। এবার ৫৩তম বেলগ্রেড আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে আমরা সেরা চিত্রনাট্যের পুরস্কার জিতে নিলাম। ওয়ার্ল্ড কম্পিটিশন সেকশনে আমাদের সাথে অংশ নেওয়া গুণী নির্মাতাদের প্রতি রইল সম্মান ও ভালোবাসা।”

সাব্বির হোসাইন শোভনের সঙ্গে যৌথভাবে ‘মাস্টার’-এর চিত্রনাট্য লিখেছেন সুমিত। তাই পুরস্কার প্রাপ্তিতে শোভনকেও শুভেচ্ছা জানিয়েছেন তিনি। সুমিতের ভাষ্য, ‘শোভন জানাল, এটা নাকি তার জীবনের প্রথম আন্তর্জাতিক পুরস্কার। আমাদের চিত্রনাট্যে সমাজ ও রাজনীতির দারুণ সব সূক্ষ্ম বাস্তবতার মাত্রা যোগ করেছিল শোভন।’
সম্মানজনক এ পুরস্কারের জন্য উৎসব কর্তৃপক্ষ এবং জুরি সদস্যদের প্রতিও কৃতজ্ঞতা জানিয়েছেন নির্মাতা।
সবশেষে একটি প্রশ্ন রেখেছেন, ‘এখন একটা প্রশ্নই আরও অনেক জোরালো হয়ে উঠছে, বাংলাদেশের দর্শকেরা কবে শেষমেশ এই সিনেমাটা দেখার সুযোগ পাবেন?’

উত্তরটা সুমিত নিজেও দেননি। তবে ধারণা করা হচ্ছে, মুক্তির ব্যাপারে প্রস্তুতি নিচ্ছেন নির্মাতারা। সব কিছু গুছিয়ে এলেই দেবেন ঘোষণা, অতঃপর মুক্তি।
উল্লেখ্য, এর আগে বিখ্যাত রটারড্যাম উৎসবেও পুরস্কৃত হয়েছিল ‘মাস্টার’। এই সিনেমার নাম ভূমিকায় আছেন নাসির উদ্দিন খান। এছাড়াও অভিনয় করেছেন জাকিয়া বারী মম, আজমেরী হক বাঁধন, ফজলুর রহমান বাবু, শরীফ সিরাজ প্রমুখ।
কেআই
