গ্রামীণ নারীদের নান্দনিক হস্তশিল্প ও ব্যবহৃত উপকরণসহ উৎপাদিত পণ্য নিয়ে আন্তর্জাতিক গ্রামীণ নারী দিবস পালিত হয়েছে। জলবায়ু সহনশীলতা ও নারীর ক্ষমতায়ন, টেকসই গ্রামীণ অর্থনীতির প্রাণ" স্লোগান নিয়ে এ মেলার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মীজ তামান্না ফেরদৌসী।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকাল সাড়ে ১১ টায় উপজেলার ফয়লা বাজারে একশনএইড বাংলাদেশ এর সহযোগিতায় ও ইনিশিয়েটিভ ফর রাইট ভিউ (আইআরভি) উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন আইআরভি'র ক্লাইমেট রেজিলিয়েন্ট ফার্মিং-মার্কেট এক্সেস প্রকল্পের সমন্বয়কারী সৌরভ ভদ্র।
অনুষ্ঠানে উজলকুড় ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান ও সংরক্ষিত মহিলা সদস্য বিউটি বেগমের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্যে দেন রামপাল উপজেলা সমাজসেবা অফিসার মোঃ শাহিনুর রহমান। অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন, রামপাল উপজেলা আইন-শৃঙ্খলা রক্ষা কমিটির সদস্য মোঃ আক্তার মোড়ল, মহিলা সদস্য আসমা বেগম ও মো. আলিমুজ্জামান, জান্নাতুল ফেরদৌস প্রমুখ।
মেলার স্টলের মধ্যে গ্রামীণ নারী কৃষকদের তৈরিকৃত বিভিন্ন ধরণের কুটির শিল্প, উৎপাদিত বিভিন্ন ধরণের সবজি, দেশীয় ফল, কৃষিতে ব্যবহৃত আধুনিক যন্ত্রপাতি, বিভিন্ন ধরণের পিঠার প্রদর্শনী করা হয়। এছাড়াও হস্ত ও কুটির শিল্পের স্টলে নকশি কাঁথা, কুশিকাটা, বেতের তৈরি ল্যাম্পসেট, ঝুড়ি, ধামা, ফুলদানি, বাঁশের তৈরি কুলা, পুথির তৈরি ব্যাগসহ নানা বিষয় মেলায় প্রদর্শন করা হয়।
