কালবেলা · সাধারণ
মোহাম্মদপুরে বাবা গুলিবিদ্ধ, ছেলেকে কোপাল দুর্বৃত্তরা
১৫/১০/২০২৬

রাজধানীর মোহাম্মদপুরে ফুটপাতের টাকা আদায় নিয়ে বিরোধের জেরে বাবাকে গুলি ও ছেলেকে কুপিয়ে জখমের অভিযোগ উঠেছে।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) রাত সাড়ে ৮টার দিকে বসিলা সড়কের ময়ূরভিলার সামনের সড়কের ফুটপাতে এ ঘটনা ঘটে। আহতরা হলেন মো. সুমন (৪৫) ও তার ছেলে ফাহিম (১৮)। তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহত সুমন ও ফাহিম ফুটপাতে ভ্যানে করে আলু-পেঁয়াজ বিক্রি করেন।
স্থানীয় সূত্রের দাবি, ফুটপাত থেকে চাঁদা আদায়কে কেন্দ্র করে তাদের সঙ্গে কয়েকজনের বিরোধ চলছিল। ঘটনার দিন নির্ধারিত টাকার পরিমাণ বাড়িয়ে দিতে বলা হলে তারা রাজি হননি। এর জেরেই তাদের ওপর হামলা হয়ে থাকতে পারে বলে ধারণা স্থানীয়দের।
প্রত্যক্ষদর্শীদের বরাতে স্থানীয় সূত্র জানায়, হামলাকারীদের মধ্যে রাব্বির নেতৃত্বে এ হামলা হয়েছে। রাব্বি স্থানীয় চিহ্নিত চাঁদাবাজ বাদল শরীফ ওরফে বাদলের গ্রুপের লোক।
স্থানীয়দের অভিযোগ, ময়ূরভিলার সামনের ফুটপাতের বিভিন্ন অংশে দোকান বসানোর জন্য ব্যবসায়ীদের কাছ থেকে নিয়মিত টাকা আদায় করা হয়। জায়গার অবস্থান অনুযায়ী টাকার পরিমাণ নির্ধারণ করা হয়। এ নিয়ে ব্যবসায়ীদের সঙ্গে টাকা আদায়কারীদের বিরোধও তৈরি হয়।
স্থানীয়রা জানান, রাত ৮টার পর মামুন নামে এক ব্যক্তি ওই এলাকায় টাকা তোলেন।
স্থানীয় সূত্রের আরও দাবি, ফুটপাতটি নিয়ন্ত্রণে বাদলের অনুসারীরা সক্রিয়। সম্প্রতি চট্টগ্রামের সীতাকুণ্ড এলাকা থেকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে গ্রেপ্তার হন বাদল শরীফ ওরফে বাদল। তবে এখনো সক্রিয় তার লোকজন।
মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল হালিম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
তবে তাৎক্ষণিকভাবে হামলার কারণ ও জড়িত ব্যক্তিদের বিষয়ে বিস্তারিত তথ্য জানাতে পারেননি তিনি।
মূল প্রতিবেদনে যান ↗