দালাল ও দুর্নীতিমুক্ত সেবা নিশ্চিত করতে চাঁদপুর আঞ্চলিক পাসপোর্ট অফিসে ঝটিকা অভিযান চালিয়েছেন চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য (এমপি) শেখ ফরিদ আহমেদ মানিক। এ সময় হাতেনাতে তিন দালালকে আটক করে পুলিশের হাতে তুলে দেন তিনি।
আজ বৃহস্পতিবার (১৫ অক্টোবর) দুপুরে শেখ ফরিদ আহমেদ মানিক পাসপোর্ট অফিসে উপস্থিত হয়ে কর্মকর্তা-কর্মচারী এবং সেবা নিতে আসা সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন। এ সময় পাসপোর্ট সেবা গ্রহণে কোনো ধরনের অনিয়ম, দুর্নীতি কিংবা দালালদের দৌরাত্ম্য রয়েছে কি না, সে বিষয়ে খোঁজখবর নেন তিনি।
পরিদর্শনকালে পাসপোর্ট অফিসে দালালির সঙ্গে জড়িত থাকার অভিযোগে তিনজনকে হাতেনাতে আটক করেন সংসদ সদস্য। পরে তাদের পুলিশের হাতে সোপর্দ করা হয়।
হঠাৎ এই পরিদর্শনকে কেন্দ্র করে পাসপোর্ট অফিসে চাঞ্চল্যের সৃষ্টি হয়। সাধারণ সেবাগ্রহীতাদের স্বার্থ রক্ষা এবং সরকারি দপ্তরে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করার লক্ষ্যে সংসদ সদস্য শেখ ফরিদ আহমেদ মানিকের এ উদ্যোগকে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।
সেবা নিতে আসা সুমন জানান, পাসপোর্টের মতো গুরুত্বপূর্ণ সরকারি সেবা পেতে সাধারণ মানুষকে যেন অতিরিক্ত অর্থ ব্যয় করতে না হয় কিংবা কোনো মধ্যস্বত্বভোগীর দ্বারস্থ হতে না হয়, সে জন্য দালালচক্রের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণ জরুরি। সংসদ সদস্যের এই আকস্মিক পরিদর্শন সরকারি সেবাপ্রতিষ্ঠানে অনিয়ম প্রতিরোধ এবং জনভোগান্তি কমাবে বলে মনে করি। আমরা আশা করব সংসদ সদস্য সব সময় পাসপোর্ট অফিসে নজর রাখবেন।
সংসদ সদস্য শেখ ফরিদ আহমেদ মানিক বলেন, পাসপোর্ট অফিসে এসে যা দেখলাম, আসলেই এখানকার পরিবেশ ভালো না। দেশের উন্নতি উন্নয়নে সবার সহযোগিতা দরকার। আমি সাংবাদিকদের বলব, আপনারা মাঝেমধ্যে এখানে এসে খোঁজখবর রাখবেন। আমরা চাঁদপুর আঞ্চলিক পাসপোর্ট অফিসকে দুর্নীতি ও দালালমুক্ত হিসেবে দেখতে চাই।
