আজকের পত্রিকা ডেস্ক
দেশে হামের উপসর্গ নিয়ে মৃত্যুর সংখ্যা বাড়ছে। গত ২৪ ঘণ্টায় উপসর্গ নিয়ে আরও চারজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে কারও মৃত্যুর তথ্য পাওয়া যায়নি। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হাম ও হামের উপসর্গে মোট ১ হাজার ১৮১ জনের মৃত্যু হয়েছে।
আজ বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক হালনাগাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে গতকাল বুধবার সকাল ৮টা থেকে বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টার হিসাব তুলে ধরা হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে ১০৪ জনের মৃত্যু হয়েছে। অন্যদিকে, হামের উপসর্গ নিয়ে মারা গেছে ১ হাজার ৭৭ জন।
গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে মারা যাওয়া চারজনের মধ্যে একজন ঢাকায়, একজন বরিশালে এবং দুজন খুলনায় চিকিৎসাধীন ছিল।
বিভাগভিত্তিক হিসাবে, হামের উপসর্গ নিয়ে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে ঢাকা বিভাগে। এ বিভাগে মারা গেছে ৪৮৭ জন। এ ছাড়া সিলেটে ১৮৯, চট্টগ্রামে ৯৬, রাজশাহীতে ৯৩, ময়মনসিংহে ৮২, বরিশালে ৬৪, খুলনায় ৪৯ এবং রংপুরে ১৭ জনের মৃত্যু হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশে ২ লাখ ৯ হাজার ৮৭৬ জনের মধ্যে হামের উপসর্গ দেখা গেছে। গত ২৪ ঘণ্টায় নতুন করে ১ হাজার ৩০৬ জনের মধ্যে এসব উপসর্গ দেখা দিয়েছে। একই সময়ে পরীক্ষায় ৮৬ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশে নিশ্চিতভাবে হাম শনাক্ত হয়েছে ২২ হাজার ৯২৬ জনের।

