ফ্লাইদুবাইয়ের উড়োজাহাজে পাইলটদের মধ্যে সংঘর্ষের ঘটনার পর ইসরাইলের নতুন নিরাপত্তা নির্দেশিকা মেনে চলার কথা জানিয়েছে ফরাসি বিমান সংস্থা এয়ার ফ্রান্স। ইসরাইলি সংবাদমাধ্যম ও ফরাসি অনুসন্ধানী সংবাদমাধ্যম মিডিয়াপার্টের প্রতিবেদন অনুযায়ী, মুসলিম সংখ্যাগরিষ্ঠ ৩১টি দেশের নাগরিকদের ইসরাইলের আকাশসীমায় চলাচলকারী ফ্লাইটে কাজ করার ক্ষেত্রে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, নিষেধাজ্ঞার আওতাভুক্ত দেশগুলোর মধ্যে রয়েছে আলজেরিয়া, তিউনিসিয়া, ইরান, ওমান, সৌদি আরব, পাকিস্তান ও নাইজার।
আল জাজিরাকে দেওয়া এক বিবৃতিতে এয়ার ফ্রান্স জানিয়েছে, যেসব দেশে তারা ফ্লাইট পরিচালনা করে, সেসব দেশের কর্তৃপক্ষের নির্ধারিত প্রবেশসংক্রান্ত নিয়ম মেনে চলতে হয়। এ নিয়ম যাত্রী ও কর্মী উভয়ের ক্ষেত্রেই প্রযোজ্য।
ইসরাইলি সম্প্রচারমাধ্যম এন১২-এর প্রতিবেদন অনুযায়ী, গত ১ অক্টোবর দেশটির পরিবহন ও সড়ক নিরাপত্তা মন্ত্রণালয় বিদেশি বিমান সংস্থাগুলোকে নতুন নির্দেশনা দেয়। এতে বলা হয়, ইসরাইলের আকাশসীমায় চলাচলকারী ফ্লাইটের পাইলট ও কেবিন ক্রুরা এমন কোনো দেশের নাগরিক বা দ্বৈত নাগরিকত্বধারী হতে পারবেন না, যে দেশের সঙ্গে ইসরাইলের কূটনৈতিক সম্পর্ক নেই।
এর আগে গত ৩০ সেপ্টেম্বর দুবাই থেকে তেল আবিবগামী ফ্লাইদুবাইয়ের একটি উড়োজাহাজে পাইলটদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। সংযুক্ত আরব আমিরাত ও ইসরাইলি কর্তৃপক্ষের অভিযোগ, ওমানি সহকারী পাইলট হাম্মাম আল-হাম্মামি উড়োজাহাজটি ছিনতাই করে ইসরাইলের বেন গুরিয়ন বিমানবন্দরে বিধ্বস্ত করার চেষ্টা করেন। এ সময় তিনি ভারতীয় পাইলট ক্যাপ্টেন স্মিত মচ্ছরকে আক্রমণ করেন বলেও অভিযোগ রয়েছে। আহত পাইলট হাসপাতালে চিকিৎসাধীন।
এয়ার ফ্রান্স জানিয়েছে, ইসরাইলি কর্তৃপক্ষের নতুন নিয়ম সম্পর্কে সংশ্লিষ্ট কর্মীদের অবহিত করা হয়েছে। পাশাপাশি, দ্বৈত নাগরিকত্ব থাকলে তা দ্রুত কর্তৃপক্ষকে জানানোর নির্দেশ দেওয়া হয়েছে। নিষেধাজ্ঞা অমান্য করলে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হতে পারে বলেও কর্মীদের সতর্ক করা হয়েছে।
বিআলো/শিলি