চট্টগ্রাম: প্রধানমন্ত্রী তারেক রহমানের চট্টগ্রাম সফর ঘিরে নগরীর দুটি ভেন্যুতে সর্বোচ্চ নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) কমিশনার হাসান মোহাম্মদ শওকত আলী।
মঙ্গলবার (২০ অক্টোবর) দুপুরে নগরীর কোতোয়ালী থানার জে এম সেন হল পরিদর্শনে এসে সাংবাদিকদের এসব কথা বলেন সিএমপি কমিশনার।
হাসান মোহাম্মদ শওকত আলী বলেন, জে এম সেন হলসহ দুটি ভেন্যুতে পর্যাপ্ত নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে। প্রটোকল অনুযায়ী নিরাপত্তার সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। তিনি আশা প্রকাশ করেন, নিরাপত্তার দিক থেকে কোনো ঘাটতি থাকবে না এবং সুন্দর পরিবেশে অনুষ্ঠান সম্পন্ন হবে।
সিএমপি কমিশনার বলেন, বিভিন্ন স্তরে নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে। পোশাকধারী ও সাদাপোশাকের পুলিশের পাশাপাশি গোয়েন্দা নজরদারিও রয়েছে। প্রধানমন্ত্রীর সফরকে কেন্দ্র করে সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সব পর্যায়ে প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হয়েছে।
