সাতক্ষীরার দেবহাটায় মব সৃষ্টি করে যুবক ওয়াহিদুজ্জামান শামীম (৩৮) হত্যার ঘটনায় মামলা হয়েছে। মবের ডাক দেওয়া ফজলুল হক আমিনীসহ ১০ জনের নাম উল্লেখ করে ৩০০ জনের বিরুদ্ধে নিহতের ভাই বাদী হয়ে মামলা করেছে। দেবহাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) এইচএম শাহীন জানান, শামীমকে পিটিয়ে হত্যার ঘটনায় ফজলুল হক আমিনীর উসকানিমূলক কর্মকাণ্ড পুলিশ গুরুত্বের সঙ্গে দেখছে। সামাজিক মাধ্যমে তার কর্মকাণ্ড ও বক্তব্য পর্যালোচনা করছে পুলিশ। তার আচরণের ব্যাপারে ধারণা পাওয়া যাচ্ছে। তাকে আটক করতে অভিযান চলছে। ফেসবুকে ছড়িয়ে পড়া ভিডিওগুলো পুলিশ সংরক্ষণ করেছে বলে জানান ওসি। ওসি বলেন, ভিডিও পর্যালোচনা ও প্রযুক্তির সহায়তায় হামলা ও মারধরে জড়িত ব্যক্তিদের শনাক্ত করার চেষ্টা চলছে।
হাসপাতালে হামলার ঘটনায় থানায় অভিযোগ দিতে বলা হয়েছে। তিনি বলেন, নিহত শামীমের বড় ভাই আবদুল জলিল বাদী হয়ে মামলা করেছেন।
উল্লেখ্য, সাতক্ষীরার দেবহাটায় ধর্ম অবমাননার অভিযোগে ওয়াহিদুজ্জামান শামীম নামের যুবককে পিটিয়ে হত্যার আগে সামাজিক মাধ্যম ফেসবুকে লাইভ (সরাসরি সম্প্রচার) করে লোকজন জড়ো করা হয়। এরপর দফায় দফায় তাকে পেটানো হয়। পুলিশ উদ্ধার করে হাসপাতালে নিলে সেখানেও তাকে মারধর করা হয়। এরপর টেনেহিঁচড়ে হাসপাতালের বাইরে নিয়েও পেটানো হয়। শেষে মরদেহের ছবি ফেসবুকে পোস্ট দেওয়া হয়।
