চলচ্চিত্র প্রযোজক শশধর মুখার্জি ও তার স্ত্রী সতীরানী মুখার্জির উদ্যোগে এবং আরও কয়েকজনের সহযোগিতায় শুরু হয় পূজা।
Published : 20 Oct 2026, 11:45 AM
Updated : 20 Oct 2026, 11:45 AM
মুম্বাইয়ে দুর্গাপূজায় বিখ্যাত মণ্ডপগুলোর মধ্যে অন্যতম মুখার্জি বাড়ির পূজা। এবার পূজার ৭৮তম বার্ষিকী, দেবীদুর্গার প্রতিমা উন্মোচন হয় পরিবারের মেয়ে অভিনেত্রী কাজল, তার মা তনুজা ও বোন তানিশা মুখার্জির হাত ধরে।
একই পরিবারের সদস্য অভিনেত্রী রানী মুখার্জি ও পরিচালক অয়ন মুখার্জিও পূজা উদযাপনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।
‘মুখার্জি বাড়ির পুজো’ নামে পরিচিত এ আয়োজন শুরু হয় ১৯৪৮ সালে। চলচ্চিত্র প্রযোজক শশধর মুখার্জি ও তার স্ত্রী সতীরানী মুখার্জির উদ্যোগে এবং আরও কয়েকজনের সহযোগিতায় শুরু হয় পূজা। শশধর মুখার্জি ছিলেন হিন্দি চলচ্চিত্রের পরিচিত প্রযোজক।
বোম্বে টকিজ ও ফিল্মিস্তান স্টুডিওর সঙ্গে যুক্ত থাকার পাশাপাশি তিনি পদ্মশ্রী সম্মানও পান। শশধর মুখার্জির নেতৃত্বে ২৬ সদস্যের প্রতিষ্ঠাতা কমিটি গঠিত হয়। মুম্বাইয়ের সান্তাক্রুজের শ্রী মণ্ডল হলে প্রথম পূজার আয়োজন করা হয়েছিল।
পরে জায়গা বদলে আয়োজনটি বৃহত্তর পরিসর পায়। বিভিন্ন সময়ে জয় মুখার্জি, দিলীপ কুমার, অশোক কুমার, শাম্মী কাপুর, রানী মুখার্জি, কাজলসহ বহু তারকা এ উৎসবের সঙ্গে যুক্ত থাকেন।
এবারের মণ্ডপ ও প্রতিমায় রয়েছে কেরালার গুরুবায়ুর মন্দিরের স্থাপত্যশৈলীর অনুপ্রেরণা। প্রায় ১৭ ফুট উচ্চতার প্রতিমা নির্মাণ করেছেন কলকাতার শিল্পী অমিত পাল ও তার দল।
দেবী দুর্গার সাজেও রাখা হয়েছে বিশেষ আয়োজন। মুকুট, গলার হার থেকে শুরু করে অস্ত্র—দেবীর অলঙ্করণের একাধিক অংশে ব্যবহার করা হচ্ছে আসল সোনা।
প্রতি বছর পাঁচ লাখের বেশি মানুষ এই পূজায় অংশ নেন। বহু মানুষ ভিড় করেন কাজল, রানিকে এক ঝলক দেখতে। এই আয়োজনে অথিতি হয়ে আসেন, জয়া বচ্চন, আলিয়া ভাট থেকে শুরু করে আরও অনেকে।
