Published on
:
2 min read
গত মরশুমের ব্যর্থতা ঝেড়ে IPL 2027-এ ঘুরে দাঁড়াতে মরিয়া মুম্বই ইন্ডিয়ান্স। সেই লক্ষ্যে এক ধাপ এগিয়েছে তারা। কোচের পদ থেকে সরানো হয়েছে শ্রীলঙ্কার প্রাক্তন ক্রিকেটার মাহেলা জয়বর্ধনেকে। শনিবার আনুষ্ঠানিক ভাবে এই সিদ্ধান্তের কথা জানিয়েছে MI। এ বার কে হবেন মুম্বইয়ের হেড কোচ? এই নিয়ে প্রকাশ্যে এসেছে নয়া আপডেট।
মুম্বই ইন্ডিয়ান্স টিম ম্যানেজমেন্ট ইতিমধ্যেই নতুন কোচের জন্য পাঁচ জনের সংক্ষিপ্ত তালিকা তৈরি করেছে বলে জানা গিয়েছে। সূত্রের খবর, রবিবার থেকেই শুরু হতে পারে সাক্ষাৎকার পর্ব। এই তালিকায় রয়েছেন অস্ট্রেলিয়ার দুই প্রাক্তন ক্রিকেটার। তাঁদের মধ্যে অন্যতম চেন্নাই সুপার কিংসের প্রাক্তন ব্যাটিং কোচ মাইকেল হাসি। আর কারা আছেন লিস্টে?
কে হবেন মুম্বই ইন্ডিয়ান্সের হেড কোচ?
NDTV-র এক রিপোর্টে প্রকাশ, মাইকেল হাসি ছাড়াও অ্যারন ফিঞ্চ, আদ্রিয়ান বিরেল, ইয়ন মরগ্যান ও মার্ক বাউচারকে ইন্টারভিউর জন্য ডাকা হবে। IPL ২০২৭-এর নিলামের বেশি দেরি নেই। তাই আগামী কয়েক দিনের মধ্যেই জয়বর্ধনের উত্তরসূরীর নাম ঘোষণা হলে অবাক হওয়ার কিছু থাকবে না।
কোচ হওয়ার দৌড়ে এগিয়ে মাইকেল হাসি?
চেন্নাই সুপার কিংসের সঙ্গে দীর্ঘ ৯ বছর কোচিংয়ের অভিজ্ঞতা রয়েছে মাইকেল হাসির। ভারতের পিচ, পরিবেশ এবং প্রতিপক্ষের কৌশল সম্পর্কে তাঁর যথেষ্ট ধারণা রয়েছে। সেই অভিজ্ঞতাই মুম্বইয়ের কোচ হওয়ার দৌড়ে তাঁকে অন্যতম দাবিদার করে তুলেছে। অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়ক অ্যারন ফিঞ্চও রয়েছেন তালিকায়। ২০২১ সালে তাঁর নেতৃত্বেই টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতেছিল অস্ট্রেলিয়া। পাশাপাশি IPL-এ একাধিক ফ্র্যাঞ্চাইজ়ির হয়ে খেলার অভিজ্ঞতা রয়েছে ফিঞ্চের। সেই অভিজ্ঞতাকেও কাজে লাগাতে পারেন তিনি।
মরগ্যানের নজর আক্রমণাত্মক ক্রিকেটে
ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ক ইয়ন মরগ্যানও মুম্বইয়ের সম্ভাব্য কোচ হওয়ার তালিকায় রয়েছেন। তাঁর নেতৃত্বে ইংল্যান্ড সাদা বলের ক্রিকেটে বড় পরিবর্তন এনেছিল। আক্রমণাত্মক ক্রিকেট এবং তথ্যনির্ভর পরিকল্পনাকে গুরুত্ব দিয়েছিলেন তিনি। মুম্বই ইন্ডিয়ান্সের ক্রিকেটের স্টাইলের সঙ্গে সেই ধাঁচের অনেকটাই মিল রয়েছে। এর পাশাপাশি ইংল্যান্ডেও একাধিক তারকাকে নিয়ে ড্রেসিংরুম সামলেছেন মরগ্যান। তাই মুম্বইতে রোহিত শর্মা, জশপ্রীত বুমরা, সূর্যকুমার যাদবের কোচ হলে সেই অভিজ্ঞতা কাজে লাগবে তাঁর।
প্রাক্তন কোচ বাউচারও দৌড়ে
কোচ হওয়ার দৌড়ে আছেন দক্ষিণ আফ্রিকার প্রাক্তন উইকেটকিপার মার্ক বাউচারও। ২০২৩ ও ২০২৪ সালে মুম্বই ইন্ডিয়ান্সের প্রধান কোচও ছিলেন তিনি। তবে বাউচারের সময়েই দলের অন্দরের মতবিরোধের কথাও সামনে এসেছিল। তিনি কোচ থাকার সময়েই ২০২৪ সালে রোহিতকে সরিয়ে হার্দিক পান্ডিয়াকে ক্যাপ্টেন করা হয়।
খেলোয়াড় না হয়েও কোচিংয়ে অভিজ্ঞ বিরেল
পাঁচ জনের তালিকায় আদ্রিয়ান বিরেলই এমন একজন, যাঁর IPL-এ ক্রিকেটার হিসেবে খেলার অভিজ্ঞতা নেই। তবে কোচ হিসেবে তাঁর যথেষ্ট সুনাম রয়েছে। আয়ারল্যান্ড এবং দক্ষিণ আফ্রিকার মতো আন্তর্জাতিক দলের সঙ্গে কাজ করেছেন তিনি। টেকনিক্যাল কোচ হিসেবে তাঁর অভিজ্ঞতা মুম্বইয়ের কাজে লাগতে পারে। এখন দেখার, এই পাঁচ জনের মধ্যে কাকে বেছে নেয় মুম্বই ইন্ডিয়ান্স।
