আধুনিক ও উন্নত চিকিৎসা সুবিধাসহ ইসলামী ব্যাংক হাসপাতাল, মতিঝিলের নতুন কমলাপুর ভবনের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। সোমবার (১৯ অক্টোবর) সকালে ফিতা কেটে ভবনটির উদ্বোধন করেন ইসলামী ব্যাংক ফাউন্ডেশন ও ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির চেয়ারম্যান জনাব মোহাম্মদ জহির হোসাইন। উদ্বোধনের পর আগত অতিথিদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়।
পরে কমলাপুর ভবনে অনুষ্ঠিত আলোচনা সভায় হাসপাতালের সুপারিনটেনডেন্ট ডা. মো. হারুন অর রশীদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চেয়ারম্যান মোহাম্মদ জহির হোসাইন। বিশেষ অতিথি হিসেবে ইসলামী ব্যাংক ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক কে.এম. মুনিরুল আলম আল-মামুনসহ ফাউন্ডেশনের ঊর্ধ্বতন কর্মকর্তারা বক্তব্য দেন।
সভায় ইসলামী ব্যাংক পিএলসির পরিচালকবৃন্দ ও চেয়ারম্যান হাসপাতালের উন্নয়ন ও সেবার মান বৃদ্ধিতে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন এবং ভবিষ্যৎ কার্যক্রম নিয়ে দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন।
তাঁরা বলেন, সাধারণ মানুষের কাছে সাশ্রয়ী ও মানসম্মত চিকিৎসাসেবা পৌঁছে দেওয়াই হাসপাতালের মূল লক্ষ্য।
বক্তারা জানান, আধুনিক ও উন্নত চিকিৎসা সুবিধাসহ নান্দনিক নকশায় ও ব্যাপক পরিসরে নির্মিত এই ভবনে এক ছাদের নিচেই সব ধরনের সেবা পাওয়া যাবে। এর ফলে রোগীদের ভোগান্তি কমবে এবং সেবার পরিধি আরও বিস্তৃত হবে।
অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, হাসপাতালের কনসালটেন্ট চিকিৎসক, নার্স ও স্টাফরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শেষে দোয়া ও মুনাজাত করা হয়।
