মা ইলিশের নিরাপদ প্রজনন নিশ্চিত করতে ভোলাসহ দেশের দক্ষিণাঞ্চলের নদী ও সমুদ্র উপকূলীয় এলাকায় অভিযান, টহল এবং জনসচেতনতামূলক কার্যক্রম জোরদার করেছে বাংলাদেশ কোস্ট গার্ড দক্ষিণ জোন। ইলিশের প্রধান প্রজনন মৌসুমে সরকারি নিষেধাজ্ঞা কার্যকর রাখতে নিয়মিত নজরদারি চালানো হচ্ছে।
রবিবার (১৮ অক্টোবর) সকালে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান। কোস্ট গার্ড সূত্রে জানা গেছে, ইলিশের প্রজনন মৌসুম উপলক্ষে ৮ অক্টোবর থেকে ২৯ অক্টোবর পর্যন্ত ২২ দিন দেশব্যাপী ইলিশ আহরণ, পরিবহন, মজুদ, বাজারজাতকরণ এবং ক্রয়-বিক্রয়ের ওপর নিষেধাজ্ঞা রয়েছে।
এ নিষেধাজ্ঞা বাস্তবায়নে কোস্ট গার্ড দক্ষিণ জোনের দায়িত্বাধীন নদী ও উপকূলীয় এলাকায় বিশেষ অভিযান, নিয়মিত টহল এবং গোয়েন্দা নজরদারি অব্যাহত রয়েছে।
শুধু অভিযান পরিচালনাই নয়, জেলেদের মধ্যে সচেতনতা বাড়াতেও বিভিন্ন কর্মসূচি নেওয়া হয়েছে। মাইকিং, লিফলেট বিতরণ ও আলোচনা সভার মাধ্যমে জেলেদের সরকারি নির্দেশনা মেনে চলার আহ্বান জানানো হচ্ছে।
এ ছাড়া নিষেধাজ্ঞা কার্যকর করতে জেলা প্রশাসন, মৎস্য বিভাগ এবং অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করে কাজ করছে কোস্ট গার্ড।
নিয়ম ভঙ্গকারীদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানানো হয়েছে। কোস্ট গার্ডের পক্ষ থেকে বলা হয়েছে, মা ইলিশের প্রজনন সুরক্ষা এবং ভবিষ্যতে ইলিশের উৎপাদন বৃদ্ধি করতে সংশ্লিষ্ট সবার সহযোগিতা প্রয়োজন।
নিষেধাজ্ঞা লঙ্ঘন বা এ-সংক্রান্ত অনিয়মের তথ্য জানাতে কোস্ট গার্ডের জরুরি সেবা নম্বর ১৬১১১-এ যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে।
ইলিশের প্রজনন মৌসুমে সরকারি বিধিনিষেধ মেনে চলার পাশাপাশি মৎস্যসম্পদ সংরক্ষণে সবাইকে দায়িত্বশীল ভূমিকা রাখার আহ্বান জানিয়েছে কোস্ট গার্ড।
বিআলো/আমিনা