দিনাজপুরের পাবর্তীপুরে ট্যাংকলরির তিন শ্রমিককে আটক এবং শ্রমিক নেতার সাথে অসৌজন্যমূলক আচরণের প্রতিবাদে অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু করেছেন ট্যাংকলরি চালক শ্রমিকরা।
মঙ্গলবার (১৩ অক্টোবর) সকাল থেকে তিন দফা দাবিতে পাবর্তীপুরের রেলওয়ের হেড জ্বালানি ডিপোতে এই কর্মবিরতি শুরু হয়। এতে উত্তরের আট জেলায় পেট্রোল ডিজেলসহ জ্বালানি সরবরাহ বন্ধ হয়ে গেছে।
রংপুর বিভাগীয় ট্যাংকলরি শ্রমিক ইউনিয়নের সভাপতি আতাউর রহমান আতু জানান, সোমবার রাত ১১টা থেকে ১২টার দিকে থানা ভবনে অসৌজন্যমূলক আচরণের ঘটনা ঘটে। এ কারনে আটক তিন শ্রমিকের নিঃশর্ত মুক্তি, শ্রমিক নেতার সাথে অসৌজন্যমূলক ব্যবহারে জড়িত দুইজন এসআই এবং দুইজন কনস্টেবলের অপসারণ ও শ্রমিক নেতার কাছে ক্ষমা না চাওয়া পর্যন্ত কর্মবিরতি চলবে।
থানা পুলিশ জানায়, মাদক সেবনের অভিযোগে তিন শ্রমিককে আটক করায় ট্যাংকলরি শ্রমিকদের সাথে মতবিরোধের জেরে পরবর্তী ঘটনার উদ্ভব হয়েছে।
এ দিকে ধর্মঘটের অবসানসহ জ্বালানি পরিবহন স্বাভাবিক করতে রংপুর বিভাগীয় ট্যাংকলরি শ্রমিক ইউনিয়নের কার্যালয়ে শ্রমিকদের সাথে সমঝোতায় বসেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আরাফাত আমান আজিজ ও থানার ওসি আব্দুল ওয়াদুদ।
