সাকিবুল হাছান
রাজধানীর মিটফোর্ড হাসপাতালে ভাঙারি ব্যবসায়ী লাল চাঁদ ওরফে সোহাগকে নৃশংসভাবে হত্যার ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের গ্রেপ্তারে উচ্চক্ষমতাসম্পন্ন বিচারিক তদন্ত কমিশন গঠনের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট আবেদন করা হয়েছে। রোববার এ রিটটি দায়ের করেন সুপ্রিম কোর্টের আইনজীবী ইউনুছ আলী আকন্দ।
রিটকারীর ভাষ্যমতে, বিচারপতি কাজী জিনাত হক এবং বিচারপতি আইনুন নাহার সিদ্দিকার সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে রিটটি উপস্থাপন করা হয়েছে। আদালত রিটটি শুনানির জন্য আগামীকাল সোমবার কার্যতালিকায় অন্তর্ভুক্ত করেছে।
উল্লেখ্য, গত বুধবার পুরান ঢাকার মিটফোর্ড হাসপাতালের সামনে ৩৯ বছর বয়সী লাল চাঁদকে নির্মমভাবে হত্যা করা হয়। প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা গেছে, হত্যার আগে তাকে ডেকে নিয়ে পিটিয়ে, ইট-পাথরের আঘাতে মাথা ও শরীর থেঁতলে দেওয়া হয়। এরপর তাকে বিবস্ত্র করে শরীরের ওপর লাফিয়ে বর্বর আচরণ করা হয়।
ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে বিএনপির অঙ্গসংগঠন যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের পাঁচ নেতা–কর্মীকে আজীবনের জন্য বহিষ্কার করেছে দলটি।
ঘটনার পরদিন, নিহতের বোন মঞ্জুয়ারা বেগম রাজধানীর কোতোয়ালি থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলায় ১৯ জনের নাম উল্লেখ করা হয়, পাশাপাশি অজ্ঞাতনামা আরও ১৫-২০ জনকে আসামি করা হয়েছে।
এ পর্যন্ত মামলার প্রধান আসামি টিটন গাজীসহ মোট পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। অন্য গ্রেপ্তারকৃতরা হলেন—মাহমুদুল হাসান মহিন (৪১), তারেক রহমান রবিন (২২), আলমগীর (২৮) এবং মনির ওরফে ছোট মনির (২৫)।
