অচেনা নম্বর দেখে দরকারি ফোনও ধরেন না অনেকে। আবার দরকারি ফোন ভেবে অচেনা নম্বরের কল রিসিভ করে বিপাকে পড়েন অনেকে। প্রতারণা চক্রের শিকার হন। আমজনতার এহেন ভোগান্তি দূর করতে এবার কড়া নির্দেশিকা জারি করল মোদি সরকার। যোগাযোগ মন্ত্রকের তরফ থেকে টেলিকম সংস্থাগুলিকে নির্দেশ দেওয়া হয়েছে, এবার থেকে কলার আইডি বাধ্যতামূলক। অর্থাৎ কোনও ব্যক্তি যদি কল করেন তাহলে তাঁর নম্বর সেভ করা না থাকলেও রিসিভারের ফোনে নাম দেখানো হবে।
ভি, এয়ারটেলের মতো টেলিকম সংস্থাগুলিকে কেন্দ্রের তরফ থেকে বলা হয়েছে, এবার থেকে প্রত্যেককেই কলিং নেম প্রেজেন্টেশন (CNP) ব্যবস্থা চালু করতে হবে। এই CNP-এর মাধ্যমে কলারের নাম এবং পরিচয় জানা যাবে। ভারতের নিজস্ব ব্যবস্থা এই CNP। এই ব্যবস্থার মাধ্যমে প্রত্যেক কলারের পরিচয় নথিবদ্ধ থাকবে টেলিকম সার্ভিস প্রোভাইডারদের কাছে। এবং কলাররা যখন ফোন করবেন, তাঁদের ফোন নম্বরের পাশাপাশি নামও দেখা যাবে রিসিভারের মোবাইল স্ক্রিনে। আপাতত ৪জি এবং ৫জি নেটওয়ার্ক ব্যবহারকারীদের ফোনে দেখা যাবে কলারের নাম।
১ নভেম্বর থেকে আপাতত এই দুই ধরনের নেটওয়ার্কে চালু হবে কলিং নেম প্রেজেন্টেশন। কেন্দ্রের নির্দেশ অনুযায়ী, এবার থেকে ফোনে কল এলে দেখা যাবে তিনটি জিনিস। কলারের নাম, ফোন নম্বরের পাশাপাশি দেখা যাবে সংশ্লিষ্ট ফোনে সেভ থাকা নামটিও। যদি কোনও একটি নম্বর সেভ করা না থাকে তাহলে সার্ভিস প্রোভাইডারের কাছে যে নাম রয়েছে সেটাই দেখানো হবে রিসিভারকে। আগামী দিনে ২জি বা ৩জি ব্যবহারকারীদের জন্যও এই সুবিধা আনতে হবে বলে নির্দেশ দেওয়া হয়েছে সার্ভিস প্রোভাইডারগুলিকে।
ইতিমধ্যেই বেশ কিছু সার্ভিস প্রোভাইডার নির্দিষ্ট কিছু ফোনে এই পরিষেবা দেওয়া শুরু করেছে। এতদিন পর্যন্ত এই বিষয়টি বাধ্যতামূলক ছিল না। তবে এবার থেকে কেন্দ্রের নির্দেশ মানতে বাধ্য থাকবে টেলিকম সংস্থাগুলি। এতদিন পর্যন্ত অচেনা নম্বর থেকে ফোন এলে কলারের নাম জানতে নানা অ্যাপ ব্যবহার করতেন ইউজাররা। নতুন নিয়ম কার্যকর হলে সেই অ্যাপের উপর আর নির্ভর করতে হবে না মোবাইল ব্যবহারকারীদের।
