মাদ্রাসায় বলাৎকার ও অশালীন কর্মকাণ্ডের পুনরাবৃত্তি রোধে সরকার কঠোর ব্যবস্থা নেবে বলে হুঁশিয়ারি দিয়েছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসেন কায়কোবাদ। একই সঙ্গে মাদ্রাসার মতো পবিত্র স্থানে এ ধরনের ঘটনা প্রতিরোধে সাধারণ মানুষকে সচেতন করার জন্য ইমামদের প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন তিনি।
শনিবার (২৪ অক্টোবর) সকালে রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির ত্রিবার্ষিক কাউন্সিল অধিবেশনে যোগ দিয়ে এসব কথা বলেন ধর্মমন্ত্রী। সম্মেলন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি এ বিষয়ে সরকারের অবস্থান তুলে ধরেন।
মন্ত্রী বলেন, মাদ্রাসার মতো পবিত্র স্থানে যাতে এ ধরনের গর্হিত ঘটনা আর না ঘটে, সে বিষয়ে মানুষকে সতর্ক ও সচেতন করতে ইমামদের নির্দেশনা দেওয়া হয়েছে।
আরও পড়ুন
‘চুমু দেওয়া শিক্ষক ও রাজনৈতিক নেতার কাজ নয়’: রাশেদ খাঁন

এর আগে সম্মেলনে সারা দেশ থেকে আসা ইমামদের উদ্দেশে তিনি বলেন, উসকানিমূলক কর্মকাণ্ডের মাধ্যমে যেন দেশের বিদ্যমান ধর্মীয় সম্প্রীতি নষ্ট না হয়, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে।
সমাজে ইমামদের গ্রহণযোগ্যতা কাজে লাগিয়ে জুমার খুতবায় মাদক, সন্ত্রাসসহ বিভিন্ন অপকর্মের বিরুদ্ধে জোরালো বক্তব্য দেওয়ার আহ্বানও জানান তিনি।
অনুষ্ঠানে দেশের বিভিন্ন এলাকার ইমাম প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। এ সময় তারা ধর্মীয় ও সামাজিক বিষয়গুলোর পাশাপাশি নিজেদের বেতন-ভাতা বৃদ্ধি, বিভিন্ন সমস্যা এবং দাবিদাওয়া মন্ত্রীর কাছে তুলে ধরেন।
