প্রকাশিত: ১৩:৩৭, ২০ অক্টোবর ২০২৬
গাজীপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম
গাজীপুরের কোনাবাড়ীর জরুন এলাকায় কেয়া গ্রুপের চারটি প্রতিষ্ঠানের শ্রমিক-কর্মচারীরা সকালে কাজে যোগ দিতে এসে কারখানার প্রধান ফটকে ছাঁটাইয়ের নোটিশ দেখছেন
সকালে কাজে যোগ দিতে এসে কারখানার প্রধান ফটকে টানানো নোটিশে দেখেন, তাদের চাকরি নেই। এমন ঘটনা ঘটেছে গাজীপুরের কোনাবাড়ীর জরুন এলাকায় কেয়া গ্রুপের চারটি প্রতিষ্ঠানে। এসব প্রতিষ্ঠানের ৭৩৯ জন শ্রমিক-কর্মচারীকে ছাঁটাই করেছে কর্তৃপক্ষ।
মঙ্গলবার (২০ অক্টোবর) সকালে কাজে যোগ দিতে এসে প্রধান ফটকে টানানো নোটিশের মাধ্যমে ছাঁটাইয়ের বিষয়টি জানতে পারেন শ্রমিকেরা। এর আগে সোমবার (১৯ অক্টোবর) রাতে কারখানাগুলোর প্রধান ফটকে নোটিশ টানানো হয়।
ছাঁটাইয়ের আওতায় পড়েছেন কেয়া গ্রুপের নিট কম্পোজিট ডিভিশন, স্পিনিং ডিভিশন, কটন ডিভিশন ও কেয়া ইয়ার্ন মিলস লিমিটেডের শ্রমিক-কর্মচারীরা।
কারখানা কর্তৃপক্ষ জানিয়েছে, ব্যাংকিং জটিলতাসহ বিভিন্ন কারণে গত ৬ জুন থেকে প্রতিষ্ঠানগুলো লে-অফে রয়েছে। পরবর্তী সময়ে কয়েক দফায় লে-অফের মেয়াদ বাড়ানো হয়। ছাঁটাই হওয়া শ্রমিক-কর্মচারীদের শ্রম আইন অনুযায়ী সব পাওনা পরিশোধ করা হবে বলেও জানিয়েছে কর্তৃপক্ষ।
গাজীপুরের কোনাবাড়ীর জরুন এলাকায় কেয়া গ্রুপের চারটি প্রতিষ্ঠানের শ্রমিক-কর্মচারীরা সকালে কাজে যোগ দিতে এসে কারখানার প্রধান ফটকে ছাঁটাইয়ের নোটিশ দেখছেন
গাজীপুর শিল্প পুলিশের পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসাইন বলেন, কেয়া গ্রুপের চারটি প্রতিষ্ঠানে ৭৩৯ জন কর্মকর্তা-কর্মচারীকে ছাঁটাই করা হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে কারখানাগুলোর প্রধান ফটকে শিল্প পুলিশ মোতায়েন করা হয়েছে।
