অ্যাপলের নতুন ফোল্ডেবল ফোন আইফোন ডুওতে বড় পর্দার উপযোগী করে তৈরি না হওয়ায় অনেক জনপ্রিয় অ্যাপ ছোট আইফোনের মতো দেখাচ্ছে। এতে ফোনটির বড় ডিসপ্লের পুরো সুবিধা পাওয়া যাচ্ছে না। ১ হাজার ৯৯৯ ডলার দামের (বাংলাদেশি মুদ্রায় প্রায় আড়াই লাখ টাকা) ফোনটি বাজারে আসার পর এ সমস্যা সামনে এসেছে।
প্রযুক্তি বিষয়ক ইউটিউবার মারকেস ব্রাউনলি তার পর্যালোচনায় দেখিয়েছেন, অপটিমাইজ করা হয়নি এমন কিছু অ্যাপ চালু করলে পর্দার এক পাশে বড় কালো অংশ দেখা যায়। আবার কিছু অ্যাপ ভাঁজ খোলা অবস্থায়ও ছোট আইফোনের অ্যাপের মতোই চলে।
স্পটিফাই, গুগল ম্যাপস, ডিসকর্ড, এক্স ও গুগল ক্যালেন্ডারের মতো জনপ্রিয় অ্যাপে এ সমস্যা দেখা যাচ্ছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। তবে অ্যাপভেদে সমস্যার ধরন আলাদা। অ্যাপলের নিজস্ব অ্যাপগুলো ফোল্ডেবল ডিসপ্লের উপযোগী করে সাজানো হয়েছে।
ব্রাউনলির ধারণা, বড় অ্যাপগুলোর ইন্টারফেস পুরোপুরি উপযোগী করতে প্রায় ছয় মাস লাগতে পারে। তবে ব্লুমবার্গের প্রযুক্তি সাংবাদিক মার্ক গুরম্যান মনে করেন, কয়েক সপ্তাহের মধ্যেই সমস্যার সমাধান হতে পারে। কিছু অ্যাপ হয়তো আইফোন ডুওর জন্য আলাদা সংস্করণ নাও আনতে পারে।
ব্রাউনলি ফোনটির ডিসপ্লে, হিঞ্জ, ব্যাটারি ও সফটওয়্যারের অ্যানিমেশনের প্রশংসা করলেও অ্যাপের অসামঞ্জস্যকে বড় দুর্বলতা হিসেবে দেখিয়েছেন। ক্যামেরা নিয়েও তার সমালোচনা রয়েছে। ফলে দামি এই ফোন কেনার আগে ব্যবহারকারীদের প্রয়োজনীয় অ্যাপগুলো বড় পর্দার উপযোগী হয়েছে কি না, তা যাচাই করার পরামর্শ দিয়েছে গালফ নিউজের প্রতিবেদন।
