চাঁদপুরে জেলেদের চাল পাচারকালে ৫ টন চাল উদ্ধার: ৩ সদস্যের তদন্ত কমিটি
চাঁদপুরে নিবন্ধিত জেলেদের জন্য সরকারের বরাদ্দ করা চাল বিতরণ না করে ব্যবসায়ীর কাছে বিক্রি করে পাচারের সময় পাঁচ টন চাল জব্দ করেছে স্থানীয় প্রশাসন। চাল বহনে ব্যবহৃত একটি মিনি পিকআপও জব্দ করা হয়েছে। গত রবিবার (১১ অক্টোবর) রাতে চাঁদপুর শহরের বিপণিবাগ এলাকায় বিশেষ অভিযান চালিয়ে এসব চাল উদ্ধার করা হয়।
এ ঘটনায় জড়িতদের শনাক্ত করে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নিতে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে উপজেলা প্রশাসন।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, মা ইলিশ সংরক্ষণ অভিযান চলাকালে ক্ষতিপূরণ হিসেবে নিবন্ধিত জেলেদের সহায়তার জন্য সরকার চাল বরাদ্দ করে। সরকারি নিয়ম অনুযায়ী এসব চাল চাঁদপুর সদর উপজেলার লক্ষ্মীপুর মডেল ইউনিয়নে জেলেদের মাঝে বিনামূল্যে বিতরণের কথা ছিল। তবে অভিযোগ উঠেছে, প্রকৃত জেলেদের মধ্যে বিতরণ না করে প্রায় পাঁচ টন চাল অবৈধভাবে এক ব্যবসায়ীর কাছে বিক্রি করে দেওয়া হয়। পরে চালগুলো লাকসামে নিয়ে বিক্রির উদ্দেশ্যে একটি মিনি পিকআপে তুলে দেওয়া হয়েছিল।
গোপন সংবাদের ভিত্তিতে বিষয়টি জানতে পেরে চাল উদ্ধারে তৎক্ষণাৎ তৎপর হয় স্থানীয় প্রশাসন। প্রশাসনের কড়া নজরদারির মুখে গাড়িটি হাজিগঞ্জ থেকে ঘুরিয়ে চাঁদপুর শহরের বিপণিবাগ এলাকায় নিয়ে আসা হলে সেখানে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে মিনি পিকআপটি থেকে পাঁচ টন সরকারি চাল জব্দ করেন চাঁদপুর সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) প্রত্যয় হাসেম।
সহকারী কমিশনার (ভূমি) প্রত্যয় হাসেম বলেন, "এ ঘটনায় প্রশাসনের পক্ষ থেকে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত শেষে ঘটনার সাথে জড়িতদের পরিচয় শনাক্ত করে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।"
