“ঘর থেকে শুরু করি, দুর্যোগ সহনশীল দেশ গড়ি”-এই প্রতিপাদ্যে ঝালকাঠির নলছিটিতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৩ অক্টোবর) উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের আয়োজনে দিবসটি উপলক্ষে বিভিন্ন কর্মসূচি পালন করা হয়। কর্মসূচিতে উপজেলা প্রশাসনের কর্মকর্তা, বিভিন্ন সংস্থার প্রতিনিধি ও সংশ্লিষ্ট ব্যক্তিরা অংশ নেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নলছিটি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) প্রতীক কুমার কুন্ড, যুব উন্নয়ন কর্মকর্তা এনামুল হক, পল্লী উন্নয়ন কর্মকর্তা মো. ওবায়দুল ইসলাম এবং নলছিটি ফায়ার সার্ভিসের একটি দল। এ ছাড়া অন্য কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় দুর্যোগের ক্ষয়ক্ষতি কমাতে আগাম প্রস্তুতি গ্রহণ, জনসচেতনতা বৃদ্ধি এবং পারিবারিক পর্যায়ে দুর্যোগ মোকাবিলার সক্ষমতা গড়ে তোলার ওপর গুরুত্ব দেওয়া হয়। প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকি মোকাবিলায় ব্যক্তি, পরিবার, সমাজ ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের সমন্বিত উদ্যোগের প্রয়োজনীয়তার কথাও তুলে ধরা হয়।
বক্তারা বলেন, দুর্যোগের ক্ষয়ক্ষতি কমাতে সচেতনতা ও পূর্বপ্রস্তুতির বিকল্প নেই। পরিবার থেকেই দুর্যোগ মোকাবিলার প্রস্তুতি শুরু করতে হবে। সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে একটি নিরাপদ ও দুর্যোগ সহনশীল বাংলাদেশ গড়ে তোলা সম্ভব বলে তাঁরা মত দেন।
বিআলো/শিলি