সংগীতশিল্পী ও সংগীত পরিচালক তামিম ইসলামের সুর ও সংগীতায়োজনে প্রকাশ হতে যাচ্ছে দুটি নতুন দ্বৈত গান। ‘প্রার্থনা’ ও ‘ভাঙা মন’ শিরোনামের গান দুটিতে কণ্ঠ দিয়েছেন ‘সেরা কণ্ঠ’ প্রতিযোগিতার দুই ফাইনালিস্ট মারুফা তৃষা ও নওশীন আদিবা। গান দুটির কথা লিখেছেন জুবায়ের হোসাইন।
নিয়মিত নতুন গান প্রকাশ করছেন তামিম ইসলাম। এরই ধারাবাহিকতায় এবার শ্রোতাদের জন্য নতুন দুটি গান নিয়ে আসছেন তিনি। গান দুটি তার নিজস্ব ইউটিউব চ্যানেলে প্রকাশ করা হবে।
নতুন গান প্রসঙ্গে তামিম ইসলাম বলেন, ‘খুব যত্ন ও পরিশ্রম দিয়ে গানগুলো করেছি। আদিবা ও তৃষা দুজনই দারুণ কণ্ঠশিল্পী। তারা খুব সুন্দর গেয়েছেন। জুবায়েরের লেখনী আমার ভীষণ পছন্দ হয়েছে। তার কথায় আরও কিছু গান আসবে।’
তামিমের সঙ্গে এবারই প্রথম কাজ করেছেন নওশীন আদিবা ও গীতিকার জুবায়ের হোসাইন। আদিবার কাছে গানটির কথা ও সুর দুটোই বেশ মিষ্টি ও রোমান্টিক মনে হয়েছে। গানটির সঙ্গে যুক্ত হতে পেরে আনন্দিত তিনি।
তামিম ইসলামের সঙ্গে এটাই মারুফা তৃষার প্রথম কাজ। গানটি প্রথম শোনার পরই তার ভালো লেগে যায়। তৃষা বলেন, ‘তামিম ভাইয়ের সঙ্গে এটা আমার প্রথম কাজ। গানটা যখন ভাইয়া প্রথম শোনালেন, তখনই আমার ভালো লেগে যায়। মিষ্টি সুর আর স্নিগ্ধ আবহের একটা গান হয়েছে। গানের কথাও বেশ ভালো। আশা করি, গানটা সবার খুব ভালো লাগবে।’
