বগুড়ার ধুনটে মুদি দোকানির বাড়ি থেকে বৈদ্যুতিক ইস্ত্রি চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ছামিউল হক (১৮) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। শনিবার (১৭ অক্টোবর) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার নিমগাছি ইউনিয়নের নাংলু গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত ছামিউল হক নাংলু গ্রামের আবুল কালামের ছেলে। তাঁর পৈতৃক বাড়ি নাংলু গ্রামে হলেও পরিবারের সঙ্গে তিনি গাবতলী উপজেলার তরুণীহাট এলাকায় বসবাস করতেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, কয়েক বছর আগে ছামিউলের পরিবার গাবতলীর তরুণীহাট এলাকায় বাড়ি নির্মাণ করে সেখানে বসবাস শুরু করে। কয়েক দিন আগে তাঁর দাদা মারা যান। শনিবার দাদার কবর দেখতে নাংলু গ্রামে আসেন ছামিউল।
এদিকে নাংলু গ্রামের মুদি দোকানি ছবির উদ্দিনের পরিবারের সদস্যরা শ্বশুরবাড়িতে থাকায় তাঁর বাড়িটি ফাঁকা ছিল। তবে ছবির উদ্দিন বাড়ির পাশেই নিজের দোকানে অবস্থান করছিলেন। এ সুযোগে ছামিউল তাঁর বাড়িতে ঢুকে একটি বৈদ্যুতিক ইস্ত্রি চুরি করেন। পরে সেটি সচল কি না পরীক্ষা করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয় বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
স্থানীয়রা জানান, বিকেলে মাঠে কাজ শেষে বাড়ি ফেরার পথে কয়েকজন কৃষক ছবির উদ্দিনের বাড়ির দিক থেকে পোড়া মাংসের গন্ধ পান। পরে তাঁরা দোকানে গিয়ে বিষয়টি ছবির উদ্দিনকে জানান। খবর পেয়ে তিনি বাড়িতে গিয়ে ছামিউলকে পোড়া অবস্থায় মেঝেতে পড়ে থাকতে দেখেন। এরপর স্থানীয়দের সহায়তায় পুলিশকে খবর দেওয়া হয়।
খবর পেয়ে ধুনট থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) আতিকুল ইসলাম জানান, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর (ইউডি) মামলা রেকর্ড করা হয়েছে।
The post ধুনটে ইস্ত্রি চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু appeared first on ভোরের চেতনা.
