তারকাদের সাজে নানা বৈচিত্র্য দেখা গেলেও কিছু রূপ মুহূর্তেই কেড়ে নেয় সবার নজর। এবার তেমনই এক ব্যতিক্রমী সাজে হাজির হয়ে আলোচনায় চিত্রনায়িকা পরীমনি। লাল পেড়ে সাদা শাড়ি, মাথায় রাজকীয় মুকুট আর হাতে পদ্মফুল—প্রচলিত দুর্গারূপের আদলেই নিজেকে সাজিয়েছেন এই অভিনেত্রী। তার সেই সাজের ভিডিও প্রকাশ্যে আসতেই সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয়েছে প্রশংসা আর মুগ্ধতার প্রকাশ।
রবিবার (১৮ অক্টোবর) নিজের ফেসবুক পেজে বিশেষ ফটোশুটের ভিডিওটি প্রকাশ করেন পরীমনি। ভিডিওতে তার সাজসজ্জায় ফুটে উঠেছে দেবী দুর্গার চিরচেনা প্রতিচ্ছবি। শাড়ি, মুকুট ও পদ্মফুলের সমন্বয়ে পূজার আবহকে যেন নিজের উপস্থিতিতে ধারণ করেছেন তিনি। ভিডিওটির ক্যাপশনে পরীমনি লিখেছেন, ‘শুভ শক্তির জয় হোক।’
অভিনেত্রীর এই নতুন রূপ দেখে মুগ্ধতা প্রকাশ করছেন তার অনুসারীরা। মন্তব্যের ঘরে কেউ তার সৌন্দর্যের প্রশংসা করছেন, কেউবা দুর্গার সঙ্গে তুলনা করে ভালোবাসা জানাচ্ছেন। এক অনুসারী লিখেছেন, ‘পরী সব সাজেই পরী’। আরেকজনের মন্তব্য, ‘পুরো দুর্গা। দ্য ডিভা’। অন্য এক ভক্ত লিখেছেন, ‘কয়েক দিন আগে ভেবেছিলাম যে, আপনাকে দুর্গা সাজলে খুব সুন্দর লাগবে। এখন দেখি সত্যি সত্যি সেজে ফেললেন। যাই হোক, খুব সুন্দর লাগছে।’
প্রকাশের পরপরই ভিডিওটি ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে বাড়তে থাকে দর্শকদের আগ্রহ। মাত্র দুই ঘণ্টার মধ্যে ভিডিওটি দেখেছেন ১২ লক্ষ দর্শক। পাশাপাশি মন্তব্য জমা পড়ে দশ হাজারের অধিক। ভক্তদের এমন সাড়া থেকে স্পষ্ট, অভিনয়ের বাইরেও নিজের ভিন্নধর্মী উপস্থিতি দিয়ে দর্শকের মনোযোগ ধরে রাখতে পেরেছেন পরীমনি।
এদিকে ব্যক্তিগত ও সামাজিক যোগাযোগমাধ্যমের উপস্থিতির পাশাপাশি অভিনয় নিয়েও ব্যস্ত সময় পার করছেন এই অভিনেত্রী। নির্মাতা গিয়াস উদ্দিন সেলিমের ওয়েব ফিল্ম ‘সেপারেশন’-এ অভিনয় করছেন তিনি। এতে তার সহশিল্পী হিসেবে রয়েছেন ইমতিয়াজ বর্ষণ। সম্প্রতি এই ওয়েব ফিল্মের শুটিংয়ে অংশ নিয়েছেন পরীমনি। তবে ‘সেপারেশন’ কবে দর্শকের সামনে আসবে, সে বিষয়ে এখনো আনুষ্ঠানিক কোনো ঘোষণা দেওয়া হয়নি।
