নোয়াখালীর জ্যেষ্ঠ সাংবাদিক ও সমাজসেবক এমবি আলমের বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমে অসত্য ও উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচারের অভিযোগ তুলে মানববন্ধন করেছেন দাদপুর ইউনিয়নের বাসিন্দারা। একই সঙ্গে প্রতিবন্ধী কবির হোসেনের মৃত্যুর ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন তাঁরা।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকাল ১১টায় নোয়াখালীর ২ নম্বর দাদপুর ইউনিয়নের বারিক মুন্সীর মোড়ে ব্রিটিশ বাংলাদেশি ড. নুরুল করিম একাডেমির সামনে এ কর্মসূচি পালন করা হয়। মানববন্ধনে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
মানববন্ধনে বক্তারা বলেন, চুরির অভিযোগে নোয়ান্নই ইউনিয়নের ইসলামগঞ্জ বাজারের উত্তর পাশে এক প্রতিবন্ধী ব্যক্তিকে গাছে বেঁধে নির্যাতনের ঘটনার ভিডিও ফেসবুকে প্রকাশ করেছিলেন সাংবাদিক এমবি আলম। ওই ভিডিওতে দেখা যায়, তিনি উত্তেজিত জনতাকে নির্যাতন বন্ধ করতে বলছেন এবং আইন নিজের হাতে না তুলে আটক ব্যক্তিকে পুলিশের কাছে হস্তান্তরের অনুরোধ করছেন। পরবর্তীতে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওই ব্যক্তির মৃত্যুর খবর জানা যায়। ভিডিওটি প্রকাশের জেরে পুলিশ ইতোমধ্যে চারজনকে গ্রেপ্তার করেছে।
বক্তারা ক্ষোভ প্রকাশ করে বলেন, সমাজের অনিয়ম ও অপরাধের সত্য তথ্য তুলে ধরায় একটি মহল ষড়যন্ত্রমূলকভাবে সামাজিক যোগাযোগমাধ্যমে এমবি আলমের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে। সাংবাদিকতার পাশাপাশি তিনি মসজিদ, শিক্ষাপ্রতিষ্ঠান, পাঠাগার নির্মাণ এবং নারীদের সেলাই প্রশিক্ষণসহ নানা সামাজিক ও কল্যাণমূলক উদ্যোগে ভূমিকা রেখে আসছেন।
মানববন্ধন থেকে এমবি আলমের বিরুদ্ধে চলা কুৎসা রটনা বন্ধের জোর দাবি জানানো হয়। পাশাপাশি তথ্য-প্রমাণের ভিত্তিতে নিরপেক্ষ তদন্ত পরিচালনা করে প্রতিবন্ধী কবির হোসেনের মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটন এবং অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনার জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানানো হয়।
জেএইচআর
