ময়মনসিংহ রিজিয়ন টুরিস্ট পুলিশের পুলিশ সুপার (এসপি) মো. নাইমুল হক পিপিএমের পিতা, কুমিল্লার বাইড়া মোহাম্মদ আরিফ স্কুল অ্যান্ড কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ ও বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব শহিদুল হকের দাফন সম্পন্ন হয়েছে। গত ২২ অক্টোবর কুমিল্লার মুরাদনগর উপজেলার বাইরা গ্রামে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়। এ সময় জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের পক্ষ থেকে তাঁকে গার্ড অব অনার প্রদান এবং ফুলেল শ্রদ্ধা জানানো হয়।
মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮২ বছর। গত মঙ্গলবার দিবাগত রাত ১টার দিকে ঢাকার বারডেম হাসপাতালের আইসিইউতে লাইফ সাপোর্টে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। দীর্ঘদিন ধরে তিনি ডায়াবেটিস, লিভার ও কিডনিজনিত জটিলতায় ভুগছিলেন। তাঁর মৃত্যুতে পরিবার, সহকর্মী, শিক্ষার্থী ও শুভানুধ্যায়ীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। তিনি স্ত্রী, চার ছেলে, তিন মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
বর্ণাঢ্য কর্মজীব, বীর মুক্তিযোদ্ধা শহিদুল হক শিক্ষকতার পাশাপাশি সাংবাদিকতা এবং বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের সঙ্গে যুক্ত থেকে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। তিনি মুরাদনগর প্রেস ক্লাবের সভাপতি, কুমিল্লা পল্লী বিদ্যুৎ সমিতি-১-এর পরিচালক এবং কুমিল্লা জেলা সম্পাদক পরিষদের সহসভাপতি হিসেবে নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করেন।
এ ছাড়া তিনি তিন দশকেরও বেশি সময় ধরে কুমিল্লা থেকে প্রকাশিত সরকারি মিডিয়াভুক্ত মাসিক জয়ভেরি পত্রিকার সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। একই সঙ্গে তিনি দৈনিক ইনকিলাব পত্রিকার মুরাদনগর-দেবিদ্বার এলাকার সংবাদ প্রতিনিধি ও কলামিস্ট হিসেবে লেখালেখির মাধ্যমে সাংবাদিকতায় অবদান রাখেন। একাধিক স্থানে জানাজা, রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায়, মরহুমের জানাজার নামাজ ঢাকার আজিমপুর সরকারি অফিসার্স কলোনি জামে মসজিদ, দেবিদ্বার ফাজিল এতিমখানা জামে মসজিদ এবং বাইরা স্কুল মাঠ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়।
পরে ২২ অক্টোবর কুমিল্লার মুরাদনগর উপজেলার বাইরা গ্রামের পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়। এ সময় কুমিল্লা জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের প্রতিনিধিরা উপস্থিত থেকে বীর মুক্তিযোদ্ধা শহিদুল হককে গার্ড অব অনার প্রদান করেন এবং ফুল দিয়ে শেষ শ্রদ্ধা জানান। তাঁর মৃত্যুতে এলাকায় শোকের আবহ বিরাজ করছে। শিক্ষা, সাংবাদিকতা, সামাজিক কর্মকাণ্ড ও মহান মুক্তিযুদ্ধে তাঁর অবদান শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছেন স্বজন, সহকর্মী ও এলাকাবাসী।
The post টুরিস্ট পুলিশ সুপার নাইমুল হকের বাবা বীর মুক্তিযোদ্ধা শহিদুল হকের দাফন সম্পন্ন appeared first on ভোরের চেতনা.
