শুটিং সেটে ভয়াবহ দুর্ঘটনার আশঙ্কা থেকে অল্পের জন্য রক্ষা পেলেন বলিউড অভিনেতা ইমরান হাশমি। তার আসন্ন সিনেমা ‘গানমাস্টার জি ৯’-এর ক্লাইম্যাক্স দৃশ্যের শুটিংয়ের সময় ঘটে এই ঘটনা। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, ক্রেন থেকে ঝোলানো একটি এসইউভি গাড়ি শূন্যে উল্টে গিয়ে নিচে রাখা একটি কালো ভ্যানের ওপর আছড়ে পড়ছে। আর সেই বিপজ্জনক জায়গার কাছেই দাঁড়িয়ে ছিলেন ইমরান।
ভিডিওটি সামনে আসার পর থেকেই অভিনেতার নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করছেন ভক্তরা। শুটিংয়ের সময় ধারণ করা ওই ভিডিওতে দেখা যায়, স্টান্টের প্রস্তুতি নিচ্ছেন ছবির কলাকুশলীরা। কাউন্টডাউন শুরু হতেই ক্রেন থেকে ঝোলানো বিশাল এসইউভিটি মাঝআকাশে উল্টে যায়। এরপর সেটি সজোরে নিচে পার্ক করে রাখা কালো ভ্যানের ছাদে আছড়ে পড়ে।
বিজ্ঞাপন
ঘটনার সময় ইমরান হাশমি গাড়িটির কাছাকাছি অবস্থানে ছিলেন বলে ভিডিওতে দেখা যায়। সামান্য এদিক-সেদিক হলেই বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারত বলে আশঙ্কা করা হচ্ছে। তবে এটি পরিকল্পিত স্টান্টের অংশ ছিল, নাকি কোনো কারিগরি ত্রুটির কারণে এমন পরিস্থিতি তৈরি হয়েছিল, তা স্পষ্ট নয়।
সৌভাগ্যক্রমে, এ ঘটনায় ইমরান হাশমি কিংবা শুটিং সেটের অন্য কারও আহত হওয়ার খবর পাওয়া যায়নি। তবে ঘটনার বিষয়ে ছবির নির্মাতাদের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি। শুটিংয়ের স্থান সম্পর্কেও বিস্তারিত জানা যায়নি।
বিজ্ঞাপন
এদিকে মুক্তির আগেই নানা ঘটনায় আলোচনায় এসেছে আদিত্য দত্ত পরিচালিত ‘গানমাস্টার জি ৯’। গত জুনে উত্তরাখণ্ডের হরিদ্বারে সিনেমাটির শুটিং ঘিরে বিতর্ক তৈরি হয়েছিল। শুটিং সেটে একটি ‘বার অ্যান্ড ক্যাফে’র সাইনবোর্ড লাগানো দেখে আপত্তি জানান স্থানীয় বাসিন্দারা। একপর্যায়ে তারা বিক্ষোভ দেখিয়ে শুটিং বন্ধ করে দেন।
পরে ছবির প্রযোজক দীপক মুকুট জানান, কারও ধর্মীয় অনুভূতিতে আঘাত করার উদ্দেশ্য তাদের ছিল না। স্থানীয়দের সঙ্গে আলোচনার মাধ্যমে পরিস্থিতি সামাল দেওয়া হয়। দীপক মুকুট আরও বলেছিলেন, একজন হিন্দু হিসেবে হরিদ্বারে বার খোলার কথা তিনি স্বপ্নেও ভাবতে পারেন না।
সিনেমাটিতে ইমরান হাশমিকে ‘ঈশ্বর’ নামের এক ডেয়ারি ফার্মের মালিকের চরিত্রে দেখা যাবে। নিজের ভালোবাসার মানুষকে রক্ষা করতে যেকোনো সীমা অতিক্রম করতে প্রস্তুত এই চরিত্র। গত আগস্টে প্রকাশিত সিনেমাটির প্রথম ঝলকও দর্শকদের মধ্যে আগ্রহ তৈরি করেছিল।
বিজ্ঞাপন
ইমরান হাশমি ছাড়াও ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন জেনেলিয়া দেশমুখ, অপারশক্তি খুরানা ও অভিষেক সিং। সবকিছু ঠিক থাকলে আগামী ২৭ নভেম্বর বিশ্বজুড়ে প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা ‘গানমাস্টার জি ৯’-এর।
এমএমএফ/জেআইএম
ফলো করুন
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।
