আমার কাগজ ডেস্ক
রাষ্ট্রপতির সহকারী প্রেস সচিব পদে চুক্তিভিত্তিক নিয়োগ পেয়েছেন ছাত্র ইউনিয়ন ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) সংসদের সাবেক আহ্বায়ক কাজী রাকিব হোসাইন। তিনি বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ৪৬ ব্যাচের শিক্ষার্থী ছিলেন।
ছাত্র ইউনিয়ন থেকে পরে ছাত্রদল ও বিএনপির কারো কারো সঙ্গে চলতেন রাকিব— এমন তথ্য জানিয়েছেন ছাত্রদলেরই কয়েকজন নেতা। তবে তিনি ছাত্রদলে কোনো পদে ছিলেন না বলে জানিয়েছেন সংগঠনটির কেন্দ্র ও ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের একাধিক নেতা।
সোমবার (১৯ নভেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এক প্রজ্ঞাপনে বলা হয়, কাজী রাকিব হোসাইনকে অন্য যে কোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা-সরকারি, বেসরকারি প্রতিষ্ঠান/সংগঠন-এর সাথে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে রাষ্ট্রপতির সহকারী প্রেস সচিব পদে যোগদানের তারিখ হতে রাষ্ট্রপতির মেয়াদকাল অথবা তার সন্তুষ্টি সাপেক্ষে (যেটি আগে ঘটে) চুক্তিভিত্তিক নিয়োগ প্রদান করা হলো।
এই নিয়োগের অন্যান্য শর্ত চুক্তিপত্র দ্বারা নির্ধারিত হবে এবং জনস্বার্থে এ আদেশ জারি করা হলো বলে প্রজ্ঞাপনে বলা হয়।
জানা যায়, ২০২২ সালের ১৫ সেপ্টেম্বর তিন মাস বিলুপ্ত থাকার পর ছাত্র ইউনিয়নের ঢাকা বিশ্ববিদ্যালয়ে নতুন আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছিল। এতে কাজী রাকিব হোসাইনকে আহ্বায়ক করে ১৯ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছিল।
The post রাষ্ট্রপতির সহকারী প্রেস সচিব হলেন ঢাবি ছাত্র ইউনিয়নের সাবেক আহ্বায়ক রাকিব appeared first on দৈনিক আমার কাগজ.
