কুমিল্লার লাকসামে কর্ণফুলী কমিউটার ট্রেনের ইঞ্জিনসহ তিনটি বগি লাইনচ্যুত হয়েছে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
আজ বুধবার দুপুর পৌনে ১টার দিকে উপজেলার নাওটি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ঘটনার পর চট্টগ্রাম থেকে ঢাকা অভিমুখী আপলাইনে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। তবে ডাউনলাইনে ট্রেন চলাচল স্বাভাবিক আছে।
লাকসাম রেলওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজিব চন্দ্র কর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ট্রেনটির তিনটি বগি লাইনচ্যুত হয়েছে। পুলিশ ঘটনাস্থলে রয়েছে। এ ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
ওসি আরও জানান, লাইনচ্যুত ট্রেনটি উদ্ধারে রিলিফ ট্রেন ঘটনাস্থলে পৌঁছানোর পর কাজ শুরু করা যাবে। উদ্ধারকাজ শেষ না হওয়া পর্যন্ত আপলাইনে ট্রেন চলাচল বন্ধ থাকবে। ডাউনলাইনে চলাচল স্বাভাবিক রয়েছে।
স্থানীয় বাসিন্দারা জানান, চট্টগ্রাম থেকে যাত্রী নিয়ে ঢাকার দিকে যাচ্ছিল কমিউটার ট্রেন কর্ণফুলী। দুপুর সাড়ে ১২টার দিকে লাকসাম জংশনের আগে নাওটি এলাকায় তিনটি বগি লাইনচ্যুত হয়ে যায়। এতে আপলাইন ও ডাউনলাইনে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। পরে ডাউনলাইন দিয়ে ট্রেন চলাচল স্বাভাবিক করা হয়।
কুমিল্লা রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার শেখ আনোয়ার বলেন, ‘লাইনচ্যুত বগি উদ্ধারে রেসকিউ টিম ঘটনাস্থলে রওনা হয়েছে। আশা করছি, দ্রুত সময়ের মধ্যে বগিগুলো উদ্ধার করে আপলাইনেও ট্রেন চলাচল স্বাভাবিক করা যাবে।’
