ঢাকা-৬ আসন মাদকমুক্ত না হওয়া পর্যন্ত অভিযান চলবে: ইশরাক হোসেন
রাজধানীর ঢাকা-৬ আসনকে মাদকমুক্ত করতে কঠোর অবস্থানের কথা জানিয়েছেন মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ও স্থানীয় সংসদ সদস্য ইশরাক হোসেন। তিনি বলেছেন, মাদক কারবারে জড়িত ব্যক্তিরা যে রাজনৈতিক দলেরই হোক না কেন, কাউকে ছাড় দেওয়া হবে না। এমনকি নিজ দলের কেউ জড়িত থাকলেও তার বিরুদ্ধে আরও কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
মঙ্গলবার রাজধানীর গেন্ডারিয়া থানার ৪৫ নম্বর ওয়ার্ডে রেললাইন-সংলগ্ন একটি বস্তিতে মাদকবিরোধী অভিযান চালান ইশরাক হোসেন। অভিযানে মাদক কারবারে জড়িত থাকার সন্দেহে ছয়জনকে আটক করা হয়।
অভিযানকালে স্থানীয় বাসিন্দাদের উদ্দেশে প্রতিমন্ত্রী বলেন, মাদক বিক্রেতাদের ঢাকা-৬ আসনে কোনো জায়গা হবে না। মাদকের বিরুদ্ধে চলমান কার্যক্রমে রাজনৈতিক পরিচয় বিবেচনায় কাউকে ছাড় দেওয়া হবে না বলেও জানান তিনি।
মাদকাসক্তির কারণে তরুণ সমাজ ক্ষতিগ্রস্ত হচ্ছে উল্লেখ করে ইশরাক হোসেন বলেন, গত ছয় মাস ধরে গোয়েন্দা সংস্থার মাধ্যমে এ বিষয়ে তথ্য সংগ্রহ করা হচ্ছে। বাইরে থেকে যারা এলাকায় মাদক সরবরাহ করে, তাদের শনাক্ত ও আটক করতে সহযোগিতাকারীদেরও উৎসাহিত করবেন তিনি। ঢাকা-৬ আসন থেকে শুরু হওয়া মাদকবিরোধী অভিযান সারা দেশে ছড়িয়ে দেওয়ার প্রত্যাশাও ব্যক্ত করেন প্রতিমন্ত্রী।
আটক ব্যক্তিদের আশ্বস্ত করে তিনি বলেন, কাউকে মারধর করার জন্য অভিযান চালানো হয়নি। আটক ব্যক্তিদের পুলিশের কাছে হস্তান্তর করা হবে এবং আইন অনুযায়ী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। বিচারিক প্রক্রিয়ার মাধ্যমেই অপরাধের শাস্তি নিশ্চিত করা হবে বলেও উল্লেখ করেন তিনি।
এর আগেও ঢাকা-৬ আসনের বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়েছেন ইশরাক হোসেন। নিজ নির্বাচনী এলাকাকে মাদকমুক্ত করার প্রচেষ্টা অব্যাহত রাখার পাশাপাশি এ কাজে স্থানীয় বাসিন্দাদের সহযোগিতা কামনা করেছেন তিনি।
গেন্ডারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান মনির জানান, প্রতিমন্ত্রী ছয়জনকে আটক করার পর থানায় খবর দেন। পরে পুলিশ সদস্যরা ঘটনাস্থলে গিয়ে আটক ব্যক্তিদের হেফাজতে নেন।
ওসি আরও জানান, আটক ব্যক্তিদের কাছ থেকে সাদা পাউডারজাতীয় পদার্থ উদ্ধার করা হয়েছে। সেগুলো হেরোইন কি না, তা পরীক্ষার পর নিশ্চিত হওয়া যাবে।
