বগুড়ার শেরপুরে পূর্বশত্রুতা ও জমিজমা নিয়ে বিরোধের জেরে মাসুদ পারমানিক (৪১) নামে এক যুবককে পিটিয়ে গুরুতর আহত করার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের লোকজনের বিরুদ্ধে। প্রাণভয়ে দুই দিন বাড়ির বাইরে থাকার পর বাড়ি ফেরার পথে তার ওপর হামলা চালানো হয়। পরে হামলাকারীরাই তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। তবে সেখানে আহত মাসুদকে রেখেই তারা পালিয়ে যান।
এ ঘটনায় সোমবার (১২ অক্টোবর) সকালে শেরপুর থানায় লিখিত অভিযোগ করেছেন ভুক্তভোগী। এর আগে রোববার সন্ধ্যা ৬টার দিকে উপজেলার বিশালপুর ইউনিয়নের নান্দুরা গ্রামের মজিদ মোড় বাজার এলাকায় এ ঘটনা ঘটে। আহত মাসুদ পারমানিক ওই এলাকার ওয়াজেদ আলী পারমানিকের ছেলে।
স্থানীয় বাসিন্দা ও অভিযোগ সূত্রে জানা যায়, বিশালপুর ইউনিয়নের ভাদার গ্রামের এক ব্যক্তির সঙ্গে জমিজমা নিয়ে মাসুদের দীর্ঘদিন ধরে বিরোধ চলছে। বিরোধপূর্ণ জমি দখলে সহায়তা করার জন্য নান্দুরা গ্রামের ফজলু (৫০), তার ছেলে মনির (২৫) ও নজরুল ইসলাম (৪৫)সহ কয়েকজন বিভিন্ন সময়ে মাসুদকে হুমকি দিয়ে আসছিলেন। গত দুই দিন ধরে তারা মাসুদের বাড়ি ঘেরাও করে রেখেছিলেন।
অভিযোগে জানা যায়, প্রাণভয়ে দুই দিন আত্মগোপনে থাকার পর রোববার সন্ধ্যায় বাড়ি ফিরছিলেন মাসুদ। পথে মজিদ মোড় বাজার এলাকায় পৌঁছালে প্রতিপক্ষের লোকজন লাঠিসোঁটা নিয়ে তার ওপর হামলা চালান। এ সময় তাকে বেধড়ক মারধর করে গুরুতর আহত করা হয়। পরে হামলাকারীরাই রক্তাক্ত অবস্থায় মাসুদকে উদ্ধার করে শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে তাকে রেখে তারা চলে যান।
এ বিষয়ে শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মইনুদ্দিন বলেন, লিখিত অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
এমএ
