চাঁদপুরে ৩০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ, ২ জেলের কারাদণ্ড
প্রকাশ: ১৮ অক্টোবর ২০২৬, ০৯:৫৯ এএম
আপডেট: ১৮ অক্টোবর ২০২৬, ১০:০৭ এএম
ছবি: খবরের কাগজ
-->চাঁদপুরে পদ্মা-মেঘনা নদীতে নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকারের দায়ে দুই জেলেকে কারাদণ্ড দেওয়ার পাশাপাশি ৩০ হাজার মিটার কারেন্ট জাল ও ১০ কেজি ইলিশ জব্দ করেছেন ভ্রাম্যমাণ আদালত।
রবিবার (১৮ অক্টোবর) সকালে এসব তথ্য নিশ্চিত করেন সদর উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা মো. মিজানুর রহমান।
তিনি বলেন, সদর উপজেলা মৎস্য বিভাগ ও কোস্টগার্ড শনিবার (১৭ অক্টোবর) সন্ধ্যা ৭টা থেকে রাত ১১টা পর্যন্ত অভয়াশ্রম এলাকার আনন্দ বাজার, লালপুর, কাচিকাটা, হরিণা ও বহরিয়া এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় মা ইলিশ শিকার করায় দুই জেলেকে আটক করা হয়। ১৩ দিন করে কারাদণ্ড এবং ৪০০ টাকা করে জরিমানা প্রদান করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রহমত উল্লাহ।
আরও পড়ুন
তিনি আরও বলেন, ‘জব্দ কারেন্ট জাল আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয় এবং ইলিশ মাছ স্থানীয় দুস্থদের মাঝে বিতরণ করা হয়।’
ফয়েজ/খাদিজা রুমি/
আরও পড়ুন
নেত্রকোনায় সাংবাদিক আলিফ হত্যায় জড়িত সন্দেহে যুবক আটক
প্রকাশ: ১৮ অক্টোবর ২০২৬, ০৯:৫৪ এএম
আপডেট: ১৮ অক্টোবর ২০২৬, ১০:১২ এএম
ছবি: খবরের কাগজ
-->নেত্রকোনার দুর্গাপুরে সাংবাদিক লুৎফর জামান ফকির ওরফে আলিফ ফকির হত্যায় জড়িত সন্দেহে অপূর্ব (২২) নামে এক যুবককে আটক করেছে পুলিশ।
শনিবার (১৭ অক্টোবর) রাত ১২টার দিকে দুর্গাপুর পৌর শহরের উকিলপাড়া এলাকা থেকে তাকে আটক করা হয়।
বিষয়টি নিশ্চিত করে দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শাকের আহমেদ বলেন, ‘গোপন সংবাদ ও প্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে অপূর্বকে আটক করা হয়।’
আরও পড়ুন
এর আগে, গত বৃহস্পতিবার (১৫ অক্টোবর) রাত ৮টার দিকে নেত্রকোনার দুর্গাপুর উপজেলার তেলুঞ্জিয়া এলাকায় দুর্বৃত্তের গুলিতে নিহত হন সাংবাদিক আলিফ ফকির।
তিনি ‘রূপসী বাংলা’ নামে একটি আইপি টেলিভিশনে সাংবাদিকতা করতেন। পাশাপাশি ‘ডিটেকটিভ আর্টিক্যাল’ নামের একটি সংবাদভিত্তিক পেজ পরিচালনা করতেন।
সঞ্জয় সরকার/তামান্না রুপা/
আরও পড়ুন
শামীম হত্যা মামলার প্রধান আসামি ফজলুল হক আমিনী গ্রেপ্তার
প্রকাশ: ১৮ অক্টোবর ২০২৬, ০৯:৫৩ এএম
ছবি: খবরের কাগজ
-->সাতক্ষীরার দেবহাটায় ওয়াহিদুজ্জামান শামীমকে পিটিয়ে হত্যার ঘটনায় করা মামলার প্রধান আসামি ফজলুল হক আমিনীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার (১৭ অক্টোবর) রাতে কালিগঞ্জ উপজেলার কৃষ্ণনগরে এক আত্মীয়ের বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
দেবহাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এইচ এম শাহীন বলেন, ‘শামীম হত্যা মামলার প্রধান আসামি ফজলুল হক আমিনীকে গ্রেপ্তার করা হয়েছে।’
আরও পড়ুন
ধর্ম অবমাননার অভিযোগ তুলে শামীমের বিরুদ্ধে ফেসবুক লাইভ করেছিলেন আমিনী। এরপর শামীমের ওপর কয়েক দফা হামলা হয়। পরে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে তার মৃত্যু হয়।
এ ঘটনায় করা মামলায় আমিনীসহ ১০ জনের নাম উল্লেখ করা হয়েছে। অজ্ঞাতনামা আরও ২০০-২৫০ জনকে আসামি করা হয়েছে।
নাজমুল শাহাদাৎ/তামান্না রুপা/
আরও পড়ুন
নড়াইলে নিখোঁজের একদিন পর মিলল রাহুলের মরদেহ
প্রকাশ: ১৮ অক্টোবর ২০২৬, ০৯:৩৬ এএম
আপডেট: ১৮ অক্টোবর ২০২৬, ০৯:৪১ এএম
ছবি: খবরের কাগজ
-->নড়াইলের সদর উপজেলায় নিখোঁজের একদিন পর চিত্রা নদী থেকে রাহুল বিশ্বাস (৬) নামের এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
রবিবার (১৮ অক্টোবর) সকালে নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাসেল সরোয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।
শিশুর পরিবার সূত্রে জানা যায়, গত ১৬ অক্টোবর দুপুরে পৌরসভার ভওয়াখালি মিতালী সংঘের সামনে থেকে রাহুল বিশ্বাস নিখোঁজ হয়। পরে পরিবারের লোকজন তাকে অনেক খোঁজাখুঁজি করে। একপর্যায়ে তাকে না পেয়ে সদর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন রাহুল বিশ্বাসের বাবা রোহিত বিশ্বাস।
আরও পড়ুন
এরপর শনিবার সন্ধ্যায় সদর উপজেলার সিঙ্গাশোলপুর ইউনিয়নের গোবরা ব্রিজের নিচে তার মরদেহ দেখতে পেয়ে স্থানীয় লোকজন পুলিশে খবর দেয়। এরপর ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে পুলিশ। ছোট্ট রাহুলের যেখানে সবাইকে নিয়ে পূজার আনন্দ করার কথা ছিলো সেই বাড়িতেই এখন কান্নার রোল। পূজার আনন্দ এক মুহূর্তেই বিষাদে রূপ নিয়েছে।
নড়াইল সদর থানার ওসি মো. রাসেল সরোয়ার বলেন, ‘নিখোঁজের একদিন পর শিশু রাহুলের মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে সে পানিতে পড়ে মারা গেছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।’
এস এম শরিফুল ইসলাম/তামান্না রুপা/
আরও পড়ুন
স্ত্রী-সন্তানসহ ৬ স্বজন হারিয়ে শোকে বিহ্বল
প্রকাশ: ১৮ অক্টোবর ২০২৬, ০৯:১৪ এএম
নুর আলমের সঙ্গে তার সদ্য নিহত শিশুপুত্র ফায়িজান ও স্ত্রী ফারিহা কবির।ছবি: খবরের কাগজ
-->কক্সবাজারে বেড়াতে গিয়ে রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে স্ত্রী-সন্তানসহ পরিবারের ছয় সদস্যকে হারিয়েছেন চাকরির সুবাদে চুয়াডাঙ্গায় বসবাসরত নুর আলম। ওই আনন্দ ভ্রমণ যে তার জীবনে এমন ভয়াবহ শোক বয়ে আনবে, কখনোই তা ভাবেননি বলে বিলাপ করছিলেন তিনি।
নুর আলম বরিশাল জেলার উজিরপুর উপজেলার বাসিন্দা। চাকরির সুবাদে স্ত্রী ফারিহা কবির ও ছেলে ফায়িজান আহম্মেদকে নিয়ে চুয়াডাঙ্গা পৌর এলাকার দক্ষিণ হাসপাতালপাড়ার একটি ভাড়া বাড়িতে আট বছর ধরে বসবাস করে আসছেন। তিনি চুয়াডাঙ্গায় ড্রাগ ইন্টারন্যাশনাল লিমিটেডের মেডিকেল প্রমোশন অফিসার (এমপিও) হিসেবে কর্মরত।
মুঠোফোনে নুর আলম জানান, গত বুধবার স্ত্রী ফারিহা কবির, সাত বছরের ছেলে ফায়িজান আহম্মেদ, তিন শ্যালিকা ও এক শ্যালককে নিয়ে তিনি কক্সবাজারে বেড়াতে যান। অফিসের কাজ থাকায় শুক্রবার পরিবারের সদস্যদের সেখানে রেখে তিনি চুয়াডাঙ্গায় ফিরে আসেন। গতকাল শনিবার তাদের কক্সবাজার থেকে ফেরার কথা ছিল। কিন্তু সকালে রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে তার স্ত্রী, সন্তান, তিন শ্যালিকা ও এক শ্যালক মারা যাওয়ার খবর পান তিনি।
আরও পড়ুন
নুর আলম বলেন, ‘আজ তাদের ফিরে আসার কথা ছিল। কীভাবে আগুন লাগল জানি না। আমার স্ত্রী-সন্তানসহ পরিবারের ছয়জন মারা গেছে। এর বেশি কিছু বলার মতো অবস্থায় নেই।’ নুর আলমের একমাত্র ছেলে ফায়িজান আহম্মেদ চুয়াডাঙ্গার প্রদীপন মাধ্যমিক বিদ্যাপীঠের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী ছিল।
গতকাল বিকেলে চুয়াডাঙ্গা পৌর এলাকার দক্ষিণ হাসপাতালপাড়ায় নুর আলমের ভাড়া বাসায় গিয়ে দেখা যায়, তৃতীয় তলার কক্ষটি তালাবদ্ধ। স্ত্রী-সন্তানকে নিয়ে যে বাসায় আট বছর ধরে সংসার করছিলেন নুর আলম, তাদের অনুপস্থিতিতে সেই বাসা এখন নিস্তব্ধ। বাড়ির মালিক হারুন আর রশিদ বলেন, ‘নুর আলম প্রায় আট বছর ধরে আমার বাড়ির তৃতীয় তলায় স্ত্রী-সন্তান নিয়ে ভাড়া থাকেন। তারা খুবই ভালো মানুষ। ঘটনা শোনার পর তিনি ঢাকায় শ্বশুরবাড়িতে চলে গেছেন। ঘটনাটি অত্যন্ত মর্মান্তিক।’
